ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাত বছর পর যে সুখবর পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ৬ এপ্রিল ২০২৩
সাত বছর পর যে সুখবর পেল আর্জেন্টিনা
ফাইল ছবি

একটি বিশ্বকাপ... একটি সোনালী ট্রফি। তার জন্য কত না অপেক্ষা! অবশেষে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে কাতারে। গত ডিসেম্বরে দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

বিশ্বসেরার ট্রফি জিতলেও সে সময় র‍্যাংকিংয়ের শীর্ষস্থান পায়নি আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে থেকেই সেটি ছিল ব্রাজিলের দখলে। বিশ্বকাপ পরবর্তী হালনাগাদেও যা ধরে রেখেছিল সেলেসাওরা।

তবে চার মাস পর আলবিসেলেস্তেদের সেই আক্ষেপ ঘুচে গেছে। এপ্রিলের শুরুতেই ফিফা থেকে সুখবর পেয়েছে আকাশী-সাদারা। দীর্ঘ সাত বছর পর ফের ফিফা ফুটবল র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।

Advertisement

বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের মতো সময় কাটিয়েছে আর্জেন্টিনা। গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছে দলটি। উভয় ম্যাচই দাপটের সঙ্গে জিতেছিলেন লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা।

কাতারে শিরোপা উৎসবের পর দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেও র‍্যাংকিংয়ে ব্রাজিলের নিচে অর্থাৎ দুইয়ে ছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তে সমর্থকদের জন্য যা ছিল আক্ষেপের বিষয়।

ফিফার র‍্যাংকিংয়ে বিশ্বকাপে অংশ নেয়ার পাশাপাশি অতীত পারফরম্যান্স, র‍্যাংকিংয়ে অবস্থানসহ আরো কিছু বিষয় বিবেচনা করা হয়। যার ভিত্তিতে ৬ এপ্রিল ফিফার সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ব্রাজিলকে হটিয়ে শীর্ষে চলে এসেছে আর্জেন্টিনা। 

আগের র‍্যাংকিংয়ে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের তিনে নেমে গেছে। গত মাসে মরক্কোর কাছে ২-১ গোলের হারে র‍্যাংকিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।

এদিকে গত মাসে পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পায় ১.৫২ পয়েন্ট। এরপর কুরাকাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পায় আরো ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র‍্যাংকিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠবে বলে জানা গেছে।

এছাড়া দুইয়ে জায়গা করে নিয়েছে কাতার বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্স। ফিফা র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষ স্থানে ছিল ২০১৬ সালে। ফলে সাত বছর পর আবারো শীর্ষে উঠে এসেছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!