কলকাতার যেসব ম্যাচে থাকবেন লিটন
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আইপিএলের জন্য এখন পুরোপুরি মুক্ত লিটন দাস। অবশ্য আইরিশদের বিপক্ষে ফিরতে সিরিজের জন্য কিছুদিন পরই পুনরায় জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে। এ অবস্থায় কলকাতার হয়ে কয়েকটি ম্যাচেই শুধু খেলার অবস্থায় থাকবেন এ টাইগার ওপেনার।
এর আগে গুঞ্জন ছিল বিশ্রাম শেষে আজই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন লিটন। তবে তা হচ্ছে না। ডেইলি বাংলাদেশকে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল (৯ এপ্রিল) ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।
অবশ্য রোববার কখন লিটন দেশ ত্যাগ করবেন সেটি নিশ্চিত করা যায়নি। তবে সন্ধ্যার পর একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে গুঞ্জন রয়েছে। এদিকে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এরই মধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়।
লিটনের কলকাতা দলে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স) খেলতে পারবেন এ ব্যাটার।
এছাড়া আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচগুলোতেও অ্যাভেইলেবল থাকবেন লিটন।
এরপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।