ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে সুখবর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৮, ৮ এপ্রিল ২০২৩
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে সুখবর
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

গেল মার্চ মাসে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ক্রিকেটের সবধরনের কার্যক্রম বন্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ তুলে নিজেদের ভেন্যু হিসেবে স্টেডিয়ামটিকে বাতিল করেছিল বিসিবি।

সেই সিদ্ধান্তের উপর ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করেছিল বগুড়ার স্থানীয় সকল ক্রিকেটপ্রেমীরা। অবশেষে স্টেডিয়ামটি নিয়ে সুখবর পেল বগুড়াবাসী। আগামীকাল থেকে আবারো নতুন করে মাঠটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেবে বিসিবি। 

এই সমস্যার সমাধান করতে আজ (৮ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও বগুড়া-৬ আসনের সাংসদ আলোচনায় বসেন। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় আগামীকাল (৯ এপ্রিল) থেকে আবারও শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির অধীনে পরিচালিত হতে যাচ্ছে। 

Advertisement

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক সাংবাদিকদের বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম ওভাবেই থাকছে এবং বিসিবি টেক ওভার করছে। আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে। আমাদের অধীনে এনে এটাকে পরিচর্যা করতে হবে আগে।

এরপত তিনি বলেন, খেলা কি হবে কার খেলা হবে এসব গ্রাউন্ডস কমিটি ঠিক করবে। তবে আগে আমরা মাঠটা টেক ওভার করতে চাই। আগামীকাল থেকেই সেটা হচ্ছে। আমাদের মাননীয় বোর্ড সভাপতিও যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে ক্লিয়ারেন্স দিয়েছেন।

২০০৬ সালে বগুড়ার এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই বছরই আবার সর্বশেষ ম্যাচ হয়, পরবর্তীতে সেখানে আর খেলা হয়নি। মূলত ফাইভ স্টার হোটেল এবং এয়ারপোর্ট সমস্যার কারণেই বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে জটিলতা দেখা দেয়।

তবে আজ সেসব বিষয় সমাধানে দ্রুতই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। তিনি বলেন, প্রথমত বগুড়াতে এখন হোটেলের সমস্যা নাই। বগুড়াতে এখন যে হোটেল আছে তা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সম্পূর্ণভাবে প্রস্তুত। নতুন যে ধারাগুলো এসেছে সেগুলো নিয়েও আমরা আলাপ করেছি।

তিনি যোগ করেন, আগে বগুড়াতে আমরা খেলা পরিচালনা করেছি, বাসে করে যেতে হত। খুলনা থেকে বাসে করে দুটো দল বগুড়ায় এসে খেলেছে। আজকাল খেলা এতো পরিমাণে হচ্ছে যাত্রার সময়টা সংকীর্ণ হয়ে গেছে। তবে এ ব্যাপারেও উনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা সম্ভব। আমরা এ নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করবো।

মাহবুব আনাম এরপর বলেন, শুধু মাঠ তো না মাঠের অবকাঠামো, ড্রেসিং রুম আছে এগুলো আকরাম দেখছে (বিসিবি ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খান)। অবকাঠামোর মধ্যে ড্রেসিং রুম ছাড়াও অন্যান্য, ইন্ডোর সুবিধা...এগুলো ঠিক করতে পারি যেন আন্তর্জাতিক ম্যাচ আবারও আয়োজন করা যায়।

তিনি যোগ করেন, আইসিসির কাছে এ জন্য পুনরায় অনুমোদন নিতে হবে। অবশ্যই আন্তর্জাতিক ম্যাচ ফেরানো সম্ভব। ভ্রমণের যে ব্যাপারটা জটিলতা সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা সমাধান করতে পারলে সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!