যে কারণে সাকিবের কাছে ছুটলেন মিরাজ
দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক নতুন কিছু নয়। নানা সময়েই বিষয়টি নিয়ে মাঠেই ক্ষোভ ঝাড়েন ক্রিকেটাররা। তবে এবার আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়ে সাকিবের কাছে ছুটলেন মেহেদী মিরাজ।
শনিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে) ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহামেডান।
এদিন ইনিংসের ১৪তম ওভারে আসিফের একটা বল লাগে মেহেদীর পায়ে। এরপর এলবিডব্লিউর আবেদন করলে সঙ্গে সঙ্গে আউটের ইশারা করেন আম্পায়ার। মূলত এরপরই বাধে ঝামেলা!
.png)
আউট হয়ে রীতিমতো লংকাকাণ্ড বাধিয়ে দেন মিরাজ। অবশ্য সেসব মাঠের ভেতরে নয়, মাঠের বাইরের ড্রেসিংরুম এবং ডাগআউটে। সাজঘরে ফেরার পর প্রথমেই মোবাইল ফোনে নিজের আউটের রিপ্লে বারবার দেখে নেন তিনি। এরপর ডাকেন মাঠে নিযুক্ত থার্ড আম্পায়ারকে।
গণমাধ্যমের কিছু ভিডিও থেকে দেখা যায়, থার্ড আম্পায়ারকে ডেকে এ সময় বেশ কড়া ভাষায় কথা বলেছেন মিরাজ। তাকে বলতে শোনা যায়, 'ফাইজলামি নাকি... ফাইজলামির একটা লিমিট আছে! বল কই লাগছে আর কীসের আউট!' থার্ড আম্পায়ার অবশ্য মিরাজের এসব মন্তব্যের তেমন কোনো উত্তর দেননি।
এরপর মোবাইল নিয়ে মিরাজ এগিয়ে যান দলের সিনিয়র তারকা সাকিব আল হাসানের কাছে। শরীরী ভাষা দেখে অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, সাকিবও বলেছেন এই বল স্ট্যাম্পে লাগবে না। তবে তাতেও শান্ত হতে পারছিলেন না মিরাজ।
ভিডিওটা এরপর দলের ইংলিশ তারকা জ্যাক লিনটট এবং পেসার কামরুল ইসলাম রাব্বিকে দেখান মিরাজ। এ সময় কামরুলকে মিরাজের পিঠ চাপড়ে কিছুটা সমবেদনা জানাতেও লক্ষ করা গেছে।