তবে এবার মেসি-রোনালদোর সঙ্গে নরওয়ে ফুটবলার আর্লিং হালান্ডের নাম উচ্চারণ করলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তার মতে, ‘যেভাবে এগোচ্ছে হালান্ড, তাতে সে একদিন মেসি-রোনালদোর ঠিকানায় পৌঁছে যাবে।
শনিবার সাউথ্যাম্পটনের বিপক্ষে দুই গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে হালান্ডের গোল সংখ্যা এখন ৩০। প্রিমিয়ার লিগের ইতিহাসে অভিষেক মৌসুমে ৩০ গোলের কৃতিত্ব আগে ছিল কেবল অ্যান্ড্রু কোল ও কেভিন ফিলিপসের। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছেন হালান্ড।
.png)
হালান্ডের প্রতিভা নিয়ে গার্দিওলা বলেন, ‘রোনালদো ও মেসির পর্যায়ে যেতে অনেক অনেক কিছু করতে হবে। ওরা কখনোই খুব একটা চোটে পড়েনি। আর্লিং (হলান্ড) অনেক লম্বা, বিশালদেহী। তাকে নিয়ে অনেক সাবধানে কাজ করতে হয় ফিজিওদের। তবে আমি যখন থেকে তাকে দেখছি, তার সঠিক মানসিকতা আছে (রোনালদো-মেসির মতো হওয়ার)। সে ঠিক অবস্থানেই আছে।
তার কথায়, ‘হালান্ড পুরোপুরি পেশাদার এবং লড়াই করতে চায়। গোল করার সুযোগ হাতছাড়া করলে তার প্রতিক্রিয়া দেখে আমি তা বুঝি, এমনকি অনুশীলনেও। তবে তার সেই হতাশা থাকে বড়জোর মিনিট পাঁচেক। এরপরই আবার সে জেগে ওঠে এবং নিজের কাজটা করে।
তিনি আরো বলেন, মেসি-রোনালদোর মতোই নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই করে সে। যখন দুই-তিন গোল করতে পারে না, তখন সে নিজেকেই কাঠগড়ায় তোলে, ‘সমস্যা কোথায় হচ্ছে? কোথায় ঝামেলা হচ্ছে? এই বয়সেই তার যে গোলসংখ্যা, এটা অবিশ্বাস্য।
গার্দিওলা জানান, আর্লিংয়ের বয়স স্রেফ ২২ এবং সে বিশ্বের সবচেয়ে কঠিন লিগে নিজের কাজটা দারুণভাবে করে চলেছে। আমি এটা বলতে পারি, কারণ অন্য লিগগুলোয় তো কাজ করেছি। এখানে সে যা করছে, তা অসাধারণ।