ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চলতি মাসেই ব্রাজিলের বিপক্ষে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ১০ এপ্রিল ২০২৩
চলতি মাসেই ব্রাজিলের বিপক্ষে নামবে আর্জেন্টিনা
রূপক ছবি

ব্রাজিল আর আর্জেন্টিনার লড়াই মানেই যেন বিশেষ কিছু। হোক সেটা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক। দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াইয়ে পরতে পরতে থাকে উত্তেজনা আর রোমাঞ্চ। চলতি মাসেই আরো একবার লাতিন দুই দলের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন ফুটবল ভক্তরা।

অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসরের ফাইনাল রাউন্ডের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। 

অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে ইকুয়েডরে। টুর্নামেন্টটিতে প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচ। 

Advertisement

গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ থেকে সেরা ছয়টি দল এরই মধ্যে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে। গ্রুপ ‘এ’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে ফাইনাল রাউন্ডে উঠেছে ব্রাজিল। অপর দুই দল হচ্ছে, চিলি ও স্বাগতিক ইকুয়েডর।

অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপর দুই দল হচ্ছে, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই একে অপরের মুখোমুখি হবে। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্স-আপ। সূচি অনুসারে ফাইনাল রাউন্ডের লড়াইয়ের শেষ দিনে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ২৩ এপ্রিল বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে। 

উল্লেখ্য, টুর্নামেন্টটির সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা। এছাড়া বলিভিয়া ও কলম্বিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!