ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিজেকে নির্দোষ প্রমাণে যা বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ১১ এপ্রিল ২০২৩
নিজেকে নির্দোষ প্রমাণে যা বললেন আফ্রিদি
শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটে অস্বস্তি বেড়েই চলেছে। গত কয়েকদিনে জাতীয় দলের কোচিং স্টাফে রদবদল, নিয়মিত অধিনায়ককে বিশ্রাম ও কর্মকর্তাদের একে অপরের মধ্যে দূরত্ব বজায়। এসবই যেন দ্য গ্রিন ম্যানদের জন্য নিত্য দিনের ঘটনায় রূপ নিয়েছে। যার সবশেষ উদাহরণ দেশটির বোর্ড প্রধান ও আফ্রিদির বিতর্কিত কর্মকাণ্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য শহিদ আফ্রিদিকে জাতীয় নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাজাম শেঠির অভিযোগ, আফ্রিদির নেতৃত্বে সেই অন্তর্বর্তী নির্বাচন কমিটিই বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল।

সম্প্রতি পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজমকে বিশ্রামে রেখে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলে দেশটি। আফগানদের কাছে খোয়ানো সেই সিরিজে পাকিস্তানের অধিনায়ক ছিলেন শাদাব খান। 

Advertisement

এরপর পুরোপুরিভাবে বাবরকে নেতৃত্ব থেকে সরানোর অভিযোগ ওঠে। পিসিবি সভাপতি নাজাম শেঠির অভিযোগের তীর অনেকটা সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদির দিকে চলে যায়। সেই বিষয়ে মুখ খুলেছেন সাবেক এই জনপ্রিয় তারকা ক্রিকেটার।

টুইটারে নিজের অবস্থান পরিস্কার করেছেন আফ্রিদি, ‘আমি পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন, বাবর আজমের অধিনায়কত্বের বিষয়ে তিনি আমাকে ইঙ্গিত করে কিছু বলেননি। তিনি অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। এই আলোচনা তাই শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও দলের জন্য শুভকামনা।’

কয়েকদিন আগে একটি ইউটিউব চ্যানেলে শেঠি বলছিলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তর্বর্তী নির্বাচন কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে আমাদের বলেছিল যে কিছু পরিবর্তন করা দরকার এবং বাবরকেও নেতৃত্ব থেকে সরাতে হবে। তবে তারা নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। জানায় বাবরের বদলির কোনো প্রয়োজন নেই।’

এর আগে অবশ্য দর্শকদের প্রতিক্রিয়া দেখে নাজাম শেঠিও বিষয়টির ভিন্ন ব্যাখ্যা দেন, ‘অনেক মাস ধরেই সংবাদমাধ্যম ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই সব সংস্করণে বাবরকে অধিনায়ক রাখা নিয়ে কথা বলছিল। যেহেতু এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত, আমি শহীদ আফ্রিদি ও হারুন রশিদের নির্বাচক কমিটির কাছে মতামত জানতে চেয়েছিলাম।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে। যেখানে টি-২০ ও ওয়ানডে সিরিজের দু’দলেই অধিনায়ক করা হয়েছে বাবরকে। ঘরের মাঠের সিরিজটির জন্য বিশ্রামে রাখা মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন আফ্রিদিকেও দলে রাখা হয়েছে। 

আগামী ১৪ এপ্রিল থেকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ। দুই ফরম্যাটেই পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!