সিটির জয়ের দিনে হালান্ডের রেকর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দশম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলারে দল। সিটির হয়ে এ ম্যাচে জোড়া গোল করেন আর্রিং ব্রট হালান্ড। জোড়া গোল করে তিনি ছুঁয়ে গেছেন মোহাম্মদ সালাহর এক মৌসুমের ৩২ গোলের রেকর্ড।
এর আগে ২০১৭/১৮ মৌসুমে ৩৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড সালাহ। প্রিমিয়ার লিগে প্রথম এসেই সেই রেকর্ড স্পর্শ করলেন হালান্ড। এখন সেটা কেবলই নিজের করে নেওয়ার অপেক্ষা। কেননা মৌসুম শেষ হতে এখনো ৮ ম্যাচ বাকি।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের খেলার ৫ মিনিটে সিটিকে এগিয়ে দেন জন স্টোনস (১-০)। খেলার ১৩ মিনিটেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড (২-০)। দ্বিতীয় গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি এই নরউইজিয়ান ফরোয়ার্ডের।
.png)
খেলার ২৫ মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি (৩-০)। হ্যাটট্রিকের সুযোগে থাকা হালান্ডকে বিরতির পরই তুলে নেন সিটি কোচ পেপ গার্দিওলা। তার পরিবর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে মাঠে নামান তিনি। যদিও কোনো গোল পাননি আলভারেস।
খেলার ৭৫ মিনিটে লেস্টারের হয়ে ব্যবধান কমান ইহেনাচো (৩-১)। কিন্তু হার এড়াতে পারেনি লেস্টার। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনে সিটি। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।