ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফের মেসিকে নিয়ে দুয়ো, জবাবে যা করলেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ১৬ এপ্রিল ২০২৩
ফের মেসিকে নিয়ে দুয়ো, জবাবে যা করলেন তিনি
লিওনেল মেসি

চ্যাম্পিয়ন্স লিগের পর লেগ ওয়ানে টানা দুই হারে সমর্থকদের তোপের মুখে পড়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে হারের বৃত্ত থেকে বেরিয়ে টানা জয়ে লেগ ওয়ানে নিজেদের চেনা ছন্দে ফিরেছে ফরাসি জায়ান্টরা। 

নিজেদের লিগে পিএসজিকে টানা দুই ম্যাচ জেতানোর পেছনে বড় ভূমিকা রয়েছে মেসির। দুটি ম্যাচেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি। তারপরও ফরাসি সমর্থকদের একের পর এক দুয়োধ্বনিতে তিনি বিষিয়ে উঠছেন। 

অবশ্য মাঠের খেলায় দুয়োর কোনো ছাপই পড়তে দেন না সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। লেন্সকে হারানোর ম্যাচে কর্নার নিতে গিয়ে গ্যালারি থেকে দুয়ো শুনেছেন তিনি।

Advertisement

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলছে, পিএসজির হয়ে লেন্সের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় গোল করেছেন মেসি। একইসঙ্গে সেই ম্যাচের আগমুহূর্ত এবং কর্নার নেয়ার সময় মেসিকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়েছে।

ম্যাচ শেষে মেসি জবাব দিয়েছেন দুয়ো দেওয়া পিএসজি সমর্থকদেরও। তবে মুখে নয়, তার জবাব ছিল জয়ের পরও দর্শকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা না জানানোয়। 

ম্যাচের ফল যাই হোক, নির্ধারিত সময়ের পর খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই দর্শকদের সমর্থকদের প্রতি হাত নাড়িয়ে তাদের উষ্ণ অভ্যর্থনার জবাব দেন। কিন্তু ক্রমাগত দুয়ো পেতে থাকা মেসির কাছে নিশ্চয়ই সেই আনুষ্ঠানিকতা পরিহার করাই সঠিক মনে হয়েছে! প্রতিপক্ষ দলের ফুটবলারের সঙ্গে জার্সি বদল করে তিনি সরাসরি ডাগআউট ধরে ড্রেসিংরুমে চলে যান।

এদিন প্রথমার্ধেই জয়সূচক ৩টি গোল পেয়ে যায় ফরাসি জায়ান্টরা। ক্রিস্তফ গ্যালতিয়ের শিষ্যরা এরপর কোনো স্কোর করতে পারেনি। উল্টো এক গোল হজম করে তারা। 

তবে টানা দ্বিতীয় ম্যাচে মেসির গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। মেসি ডি বক্সে ঢুকে বল বাড়ান এমবাপ্পেকে। এরপর ফরাসি তারকা ব্যাকহিল ফ্লিকে বল বাড়ালে সেটি ধরে কোনাকুনি শট নেন মেসি। গোলরক্ষককে পরাস্ত করে সেটি জালে পৌঁছে যায়। এই গোলের মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন। 

এর আগে এই রেকর্ড ছিল একমাত্র রোনালদোর দখলে। এখন দুজনের গোল সংখ্যা সমান ৪৯৫টি করে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!