মঙ্গলবার সকালে স্তাদিও অলিম্পিকোতে স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হয় ব্রাজিল। এ ম্যাচের শুরুতে পিছিয়ে পরলেও শেষ মূহুর্তে সমতা আনে সেলেসাওরা। কিন্তু জয়ের দেখা পায়নি এ টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি।
এদিন ম্যাচের ২৩তম মিনিটেই স্বাগতিকদের লিড এনে দেন আলেক্সান্ডার আরোয়ো আলভারাডো। ৩৮তম মিনিটে লিড দ্বিগুণ করেন আলভারাডো। বিরতির ঠিক আগে এক গোল শোধ করে ব্রাজিল। তবে তা ইকুয়েডরের কল্যাণে। ইকুয়েডরের অ্যান্তোনিও কুল্লাহোয়াজো ভাকা ৪৫তম মিনিটে আত্মঘাতি গোল করলে ২-১ এ পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
.png)
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। যার ফল ধরা দেয় ম্যাচে ৫২তম মিনিটে। কাউয়া ইলিয়াস গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত দুই দল আর কোনো গোল করতে না পারায় ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই ড্রয়ের ফলে ফাইনাল রাউন্ডে তিন ম্যাচ শেষে ইকুয়েডর ও ব্রাজিলের পয়েন্ট সমান। উভয় দলই ২ জয় ও ১ ড্র নিয়ে ৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু গোল গড়ে ইকুয়েডর শীর্ষস্থানে অবস্থান করছে। আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় ও ব্রাজিল তৃতীয় স্থানে।
ফাইনাল রাউন্ডে ব্রাজিলের চতুর্থ ম্যাচ চিলির বিপক্ষে আগামী শুক্রবার (২১ এপ্রিল)। আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে।
উল্লেখ্য, ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।