রোনালদোকে সৌদি থেকে বের করে দেওয়ার দাবি
ইউরোপ ছেড়ে সৌদি আরবে গিয়েও শান্তিতে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। আল-হিলালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পর্তুগিজ তারকার দল পরাজিত হয় ২-০ গোলে। সেই ম্যাচে নানা বিতর্কে জড়িয়ে ভক্তদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এ ফুটবলার। অনেক ভক্ত তাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও তুলেছেন।
আল-হিলালের বিপক্ষে ম্যাচ হারার কারণে রোনালদো এতটা সমালোচিত হতেন না, যতটা হয়েছেন খেলার বাইরের নানা কর্মকাণ্ডের জন্য। ম্যাচ শেষে সাইডলাইনে সাজিয়ে রাখা পানির বোতলে লাথি মারেন তিনি। গ্যালারিতে ‘মেসি, মেসি’ স্লোগান ওঠায় মেজাজ হারিয়ে অশোভন অঙ্গভঙ্গিও করেন আল নাসরের এই ফুটবলার। রোনালদোর এই অশ্লীল অঙ্গভঙ্গি ভালোভাবে নিচ্ছেন না সৌদি আরবের ফুটবলভক্তরা।
আল-হিলালের বিপক্ষে গোল করতে না পারার হতাশায় প্রতিপক্ষের এক খেলোয়াড়কে রেসলিংয়ের কায়দায় মাটিতে ফেলে দেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। ওই ঘটনায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি। যদিও অনেকেই মনে করছেন রোনালদো যে বড় ধরনের ফাউল করেছেন তাতে লাল কার্ড দেয়া উচিত ছিল রেফারির।
.png)
রোনালদোর এমন উগ্র, অশালীন আচরণ মেনে নিতে পারছে না সৌদি আরবের ফুটবলপ্রেমীরা। অশ্লীল অঙ্গভঙ্গির কারণে তাকে দেশটি থেকে বের করে দেওয়ারও দাবি তুলছেন অনেকে। এমন দুঃসময়ে রোনালদো অবশ্য পাশে পাচ্ছেন আল নাসরকে। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, সমর্থকরা যা ইচ্ছে ভাবতেই পারেন।
সূত্র: গোল