শিরোপা জয়ের দ্বারপ্রান্তে নাপোলি
ইতালির শীর্ষ লিগ সিরি আ’তে দুর্দান্ত মৌসুম পার করছে নাপোলি। একের পর এক অবিশ্বাস্য জয় তুলে নিয়ে দীর্ঘ তিন যুগের আক্ষেপ ঘুঁচতে যাচ্ছে ক্লাবটি।
আগামী শনিবার ঘরের মাঠে সালের্নিতানার বিপক্ষে মাঠে নামবে নাপোলি। এ ম্যাচে জয় পেলেই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে যাবে ক্লাবটি। আর যদি রোববার ইন্টার মিলানের মাঠে লাজিও হারের স্বাদ পায় তাহলে শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে নাপোলির।
শুধু শিরোপা জয়ই নয়, প্রথম দল হিসেবে ছয় ম্যাচ বাকি থাকতে ইতালির শীর্ষ লিগের ট্রফি জয়ের কীর্তিও গড়বে নাপোলি।
.png)
নিজেদের দুটি লিগ শিরোপার সবশেষটি নাপোলি জিতেছিল সেই ১৯৮৯-৯০ মৌসুমে, দিয়াগো ম্যারাডোনার হাত ধরে। অবশেষে তিন দশকের বেশি সময়ের অপেক্ষা ফুরাতে যাচ্ছে তাদের। তবুও সতর্ক দলটির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি।
তিনি বলেন, ‘আমি আগাম উদযাপন পছন্দ করি না। যদি আমরা সবাই একসঙ্গে উদযাপন করি, তাহলে দ্বিগুণ আনন্দ হবে।’
সিরি আ’তে ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নাপোলি। দ্বিতীয় স্থানে থাকা লাজিওর চেয়ে এগিয়ে আছে ১৭ পয়েন্টে। এখান থেকে তাদের শিরোপা না পাওয়া অকল্পনীয়। তারপরও স্পাল্লেত্তির সতর্ক থাকার বিষয়টি অবশ্য বোধগম্য। কারণ, এপ্রিলে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচের কেবল দুটি জিততে পেরেছে তার দল।