ক্যারিয়ারের সুসময়টা যেন পেছনে ফেলে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো! এক সময় সবকিছুতে সোনা ফলানো সিআর সেভেন এখন যা ধরছেন, তাই যেনো রূপ নিচ্ছে মরিচিকায়। পারিবারিক জীবনে অশান্তি, ক্যারিয়ারে ব্যর্থতা আর গণমাধ্যমের চাপ কমাতে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।
কিছুদিন রোনালদোর সুখের আভাস মিললেও আবার হানা দিয়েছে দুঃস্বপ্ন। কোচ রুডি গার্সিয়ার বিদায়, প্রতিপক্ষ সমর্থকদের মেসি ধ্বনিতে মেজাজ হারিয়ে দৃষ্টিকটু অঙ্গভঙ্গি, সতীর্থ ও কোচিং স্টাফের ওপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দেয়া। গত কিছুদিন ধরে নেতিবাচক শিরোনামেই ছিলেন পর্তুগিজ তারকা।
.png)
এসব বিতর্কে ঘি ঢেলে দিয়েছে আল নাসর ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগ। গণমাধ্যমের দাবি, ব্যর্থতার দায়ে সরে দাঁড়িয়েছেন মুসাল্লি আল মুয়াম্মার। সিআর সেভেনকে সৌদি লিগে নিয়ে আসতে যিনি ছিলেন নেপথ্য নায়ক। পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে তার বক্তব্যই এখন টক অব দ্যা স্পোর্টস।
আল নাসর প্রেসিডেন্ট মুসাল্লি আল মুয়াম্মার বলেন, জীবনে মাত্র দু’বারই প্রতারণার শিকার হয়েছিলাম। প্রথমবার, যখন দোকানদার তিনটির পরিবর্তে দুটি কাবাব দিয়েছিল। আর দ্বিতীয়বার, যখন আমি রোনালদোকে আল নাসরে নিয়ে এলাম।
আপাত দৃষ্টিতেও রোনালদোকে দলে ভেড়ানো আল নাসরের জন্য লস প্রজেক্ট মনে হচ্ছে। এরই মধ্যে হাতছাড়া হয়েছে কিং কাপের শিরোপা। পিছিয়ে পড়েছে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়নের দৌড়েও। তবে তার এ বক্তব্যকে অস্বীকার করেছে আল নাসর।
ক্লাবের গণমাধ্যম উপদেষ্টা ওয়ালিদ আল মুহাইদিবের দাবি, রোনালদোকে জড়িয়ে ক্লাব সভাপতির কথাগুলো মিথ্যা। তিনি বলেন, মূলত আরাবিয়া নিউজ ফিফটি ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতেই স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো রোনালদো ও ক্লাব প্রেসিডেন্টের খবরটি প্রকাশ করেছে, যা মিথ্যা।