উৎসবের অপেক্ষা বাড়ল নাপোলির
দীর্ঘ ৩৩ বছর পর সিরি আ’তে শিরোপা পুনরুদ্ধারে বেশ পাকাপোক্ত অবস্থানে রয়েছে নাপোলি। মৌসুম শেষ হওয়ার আগেই শিরোপা জয়ের স্বাদ পেয়ে যেত তারা। কিন্তু ঘরের মাঠে সালেরতিনার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে উৎসবের অপেক্ষা বাড়ল নেপলসদের।
রোববার রাতে ঘরের মাঠ ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে সালরেতিনার মুখোমুখি হয় নাপোলি। এ ম্যাচে জিততে পারলেই শিরোপা জয়ের আনন্দ দ্বিগুণ হতো স্বাগতিকদের। তবে সফরকারীদের দুর্দান্ত ফুটবলের কাছে আপাতত উৎসব থেকে বঞ্চিত থাকল আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সাবেক ক্লাবটি।
সিরি আ’তে শিরোপার জন্য প্রথম শর্ত ছিল ইন্টার মিলানের কাছে লাসিওকে পয়েন্ট হারাতে হবে। ইন্টার ৩-১ গোলে জিতে সহজ করে দিয়েছিল কাজটা। নিজেদের ম্যাচে সালেরতিনাকে হারালেই অপেক্ষা ফুরাত তাদের।
এদিন ম্যাচ শুরুরও কয়েক ঘণ্টা আগে ভরে যায় গ্যালারি। স্টেডিয়ামের বাইরেও তখন হাজারো সমর্থক। তাদের হতাশ করে সালেরতিনার সঙ্গে ১-১ গোলের ড্রতে মাঠ ছাড়ে তারা। অথচ ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল রেখে পোস্টে ২৪টি শট নিয়েছিল তারা। তবু আসেনি একটির বেশি গোল।
৬২ মিনিটে নাপোলির একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস ওলিভেরা। এই গোলের পরই সমুদ্রের গর্জন ওঠে গ্যালারিতে, যা ছড়িয়ে পড়ে পুরো নেপলস শহরে। সেটা মিলিয়েও যায় ৮৪ মিনিটে বুলায়া দিয়া সমতা ফেরালে। সমর্থকদের মাঠ ছাড়তে হয় উৎসব না করেই। তাই ২ এপ্রিল উদিনেসের মাঠে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।
৩২ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৭৯, দুইয়ে থাকা লাসিওর পয়েন্ট ৬১। শেষ ছয় ম্যাচে ১৮ পয়েন্টের এই ব্যবধান মেটানো কঠিন। নাপোলি শেষ ছয় ম্যাচ হারলে আর লাসিও ছয়টি ম্যাচ জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান। তখন দেখা হবে হেড টু হেড। মুখোমুখি লড়াইয়ে সমতা আছে দুই দলের।
সেক্ষেত্রে শিরোপা নির্ধারিত হবে গোল ব্যবধানে। নাপোলি গোল ব্যবধানে এগিয়ে ৪৬-২৬-এ। তাই কাগজে-কলমে না হলেও বলা যায় শিরোপা উল্লাসে মাতাটা সময়ের অপেক্ষা নাপোলির।