ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অজিদের আইপিএল খেলার কারণ জানালেন ক্লার্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ৩ মে ২০২৩
অজিদের আইপিএল খেলার কারণ জানালেন ক্লার্ক
মাইকেল ক্লার্ক। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে বড় আকর্ষণ হলো বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি। এ টুর্নামেন্টে বিদেশি কোটায় ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্যে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এ তালিকায় অন্যান্য দেশের তুলনায় বরাবরই এগিয়ে থাকেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের আগে আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন অস্ট্রেলিয়ার অধিকাংশ ক্রিকেটাররা। তবে টি-২০ ফরম্যাটের চেয়ে অজি ক্রিকেটারদের টেস্টে অনুশীলন বেশি জরুরী বলে মনে করেন মাইকেল ক্লার্ক। অবশ্য এমনটা হওয়ার কারণও জানিয়েছেন অজিদের সাবেক এ অধিনায়ক। 

Advertisement

বেশ কিছুদিন আগে চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। তবে চোট থেকে ফিরে আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন তিনি। কিন্তু চোট থেকে ফিরে আইপিএলে না ফিরে অ্যাশেজের জন্য নিজেকে প্রস্তুত করা দরকার ছিল বলে মনে করেন ক্লার্ক।

সম্প্রতি ফক্স স্পোর্টসকে ক্লার্ক বলেন, ‘আমি জানি না হ্যাজেলউড কেন এখন আইপিএল খেলছেন। তার এখন নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত নেয়া দরকার ছিল। তার দরকার ছিল টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করা।’

তিনি আরো বলেন, ‘অ্যাশেজের জন্য তাকে অনেক বেশি বল করতে হবে। তবে সে এখন নেটে (অনুশীলনে) খুব কম সময় বল করছে। এমন প্রস্তুতি তার টেস্টের জন্য কতটা সাহায্য করবে আমি জানি না। সে ইনজুরিতে পড়েছিল, আর বেশকিছু সময় টেস্ট ম্যাচ থেকে দূরে ছিল। ফলে তার দরকার ছিল নিজেকে টেস্টের জন্য প্রস্তুত করা।’

এদিকে ক্লার্ককে প্রশ্ন করা হয়েছিল, ক্রিকেট অস্ট্রেলিয়া কি পারত না ক্রিকেটারদের বাধা দিতে? এর উত্তরে ক্লার্ক বিরক্ত হয়ে টাকার বিষয়টা টেনে আনেন। 

ফক্স স্পোর্টসকে সেই সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘হ্যা, তারা (ক্রিকেট অস্ট্রেলিয়া) ক্রিকেটারদের বাধা দিতে পারে। তবে ক্রিকেট বোর্ড তাদের বাধা দেবে না। কারণ, একজন ক্রিকেটার ৮ সপ্তাহ আইপিএল খেলে ৩ মিলিয়ন ডলার পাচ্ছে, যা ক্রিকেট অস্ট্রেলিয়া অনুশীলনের জন্য ক্রিকেটারদের দেবে না। তাই তারা চুপ আছে। আর ক্রিকেটাররাও টাকার জন্যই টেস্টের জন্য প্রস্তুতি না নিয়ে আইপিএল খেলছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!