ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউরোপের লিগগুলোতে শিরোপার সুবাস পাচ্ছে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৫, ৩ মে ২০২৩
ইউরোপের লিগগুলোতে শিরোপার সুবাস পাচ্ছে যারা
ছবি: সংগৃহীত

ফুটবলের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ইউরোপ। ক্লাব ফুটবলের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় তারা। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান হচ্ছে ইউরোপের সবচেয়ে আলোচিত পাঁচ লিগ। ২০২২-২৩ মৌসুমের খেলা প্রায় শেষ দিকে। এর মধ্যেই শিরোপার সুবাস পেতে শুরু করেছে দলগুলো।

ইংলিশ প্রিমিয়ার লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। মৌসুমজুড়েই দাপট ছিল আর্সেনালের। ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে শেষ মুহূর্তে এসে টাইটেল হারাতে বসেছে মিকেল আর্তেতার শিষ্যরা। ফুলহ্যামকে হারিয়ে এক ম্যাচ কম খেলেই শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচে ২৪ জয়, ৪ ড্র ও ৪ হারে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। আর এক ম্যাচ বেশি খেলে ২৪ জয়, ৬ ড্র ও ৪ হারে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৮ জয়, ১১ ড্র ও ৪ হারে ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। তাই বলা যায়, এই লিগে যেই শিরোপা জিতবে তাকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। তবে বাকি ম্যাচগুলোতে জিতলে কোনো ইকুয়েশন ছাড়াই শিরোপা জিতবে ম্যানচেস্টার সিটি।

Advertisement

সিরি আতে শিরোপা উৎসবের সুযোগ ছিল নাপোলির সামনে। তবে নিজেদের শেষ ম্যাচে সালেরনিতানার বিপক্ষে ১-১ গোলে ড্র করে স্বপ্নভঙ্গ হয় তাদের। নাপোলি প্রথম সিরি আ শিরোপা জিতেছিল ১৯৮৬-৮৭ মৌসুমে, এরপর ১৯৮৯-৯০ মৌসুমে। তারপর তিন দশক ধরে নাপোলির ঘরে আর শিরোপা ওঠেনি। ৩৩ বছর পর এই মৌসুমে আবার শিরোপা জয়ের সুযোগ পেয়েছে তারা। 

৩২ ম্যাচে ২৫ জয়, ৪ ড্র ও ৩ হারে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ১৮ জয়, ৭ ড্র ও ৭ হারে লাৎসিওর পয়েন্ট ৬১। অর্থাৎ পয়েন্টের পার্থক্য ১৮। বাকি থাকা ছয়টি ম্যাচ থেকে সর্বোচ্চ ১৮ পয়েন্ট পেতে পারে লাৎসিও। তবে এক ম্যাচ জিতলেই শিরোপা ঘরে তুলবে নাপোলি।

ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জার্মান লিগ বুন্দেসলিগায় জমে উঠেছে শিরোপার লড়াই। ৩০ ম্যাচে ১৮ জয়, ৮ ড্র ও ৪ হারে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে গত আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অপরদিকে সমান ম্যাচে ১৯ জয়, ৪ ড্র ও ৭ হারে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ব্রুশিয়া ডর্টমুন্ড। বায়ার্নকে টপকে শিরোপা ছোঁয়া ডর্টমুন্ডের জন্য সহজ হবে না।

ফরাসি লিগ ওয়ানে ২০২২-২৩ মৌসুমে শিরোপা জয়ের সুবাস পাচ্ছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ হারে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর সমান ম্যাচে ২১ জয়, ৭ ড্র ও ৫ হারে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিক মার্শেই। তাই পরের ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শিরোপা উল্লাস করবে পিএসজি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!