সাফের ১৪তম আসরটি আট দলের অংশগ্রহনে শুরু হবে। এর মধ্যে ফিফার নিষেধাজ্ঞা পাওয়া শ্রীলংকা সাফে অংশ নিতে পারছে না। তবে এশিয়ার বাকি ছয় দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান টুর্নামেন্টে থাকছে। এবারের আসরে দক্ষিণ এশিয়ার বাইরের দু’দল সাফে খেলবে।
মূলত সাফে প্রতিদ্বন্দ্বীতা বাড়াতে দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলকে নেয়ার অনুরোধ করেছিল আয়োজক দেশ ভারত। সে ধারাবাহিকতায় মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সাফে মালয়েশিয়া ও সৌদি আরব খেলবে না। এজন্য খানিকটা বিপাকে পড়েছিল আয়োজকরা।
.png)
অবশ্য কুয়েতের অংশগ্রহণের খবরে দুশ্চিন্তা খানিকটা কমেছে সাফ কর্তৃপক্ষের। এখন দ্বিতীয় দল কারা হচ্ছে, সেটি নিশ্চিত নয় আয়োজকরা। তবে সম্ভাব্য দেশের তালিকায় রয়েছে সিরিয়া ও ফিলিপাইনের নাম।
বিষয়টি নিয়ে সাফের শীর্ষ কর্মকর্তা দেশের এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আসন্ন সাফে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে। এখন আরেকটি দলের জন্য চেষ্টা করে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘সাফে খেলবে কিনা এজন্য আজকের দিনটা সময় চেয়েছে সিরিয়া। আর ফিলিপাইনেরও সম্ভাবনা রয়েছে।’
এর আগে দক্ষিণ এশিয়ার বাইরের দেশ হিসেবে সিঙ্গাপুর, বাহরাইন, জর্ডান, ইন্দোনেশিয়া, কুয়েত, ফিলিপাইন ও সিরিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ। এর মধ্যে কুয়েতের সাড়া পাওয়ায় এখন পর্যন্ত এবারের সাফে দলের সংখ্যা দাঁড়াল ৭।