ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হালান্ডের আরেকটি রেকর্ডময় রাত, ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩২, ৪ মে ২০২৩
হালান্ডের আরেকটি রেকর্ডময় রাত, ম্যানসিটির জয়
আর্লিং ব্রট হালান্ড

আর্লিং ব্রট হালান্ড যেন প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। মাঠে নেমে গোল করাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। তার রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাটেডের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

বুধবার (৩ মে) ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটিকে প্রথম লিড এনে দেন নাথান আকে। এরপর ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। শেষ দিকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন। এই জয়ে পুনরায় পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে সিটিজেনরা।

ঘরের মাঠে ওয়েস্টহ্যামের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সিটি। ম্যাচের ২৪ মিনিটেই দলকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন হালান্ড। তবে হেডটা গোলমুখে রাখতে পারেননি তিনি।

Advertisement

ম্যাচের ৩০ ও ৩২ মিনিটে আরও দুইটি সুযোগ পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটি।

রিয়াদ মাহরেজের ফ্রি-কিকে দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে হেডে দলকে এগিয়ে নেন ডাচ ডিফেন্ডান নাথান আকে। ম্যাচের ৭০ মিনিটে দেখা মেলে হালান্ডের রেকর্ড গড়া গোলের। গ্রিলিশের থ্রু বল ধরে বক্সে ঢুকে ১৬ গজ দূর থেকে লব শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী স্ট্রাইকার।

হালান্ড আসার আগে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল ছিল ৩৪টি। ৪২ ম‍্যাচের আসরে এই রেকর্ড গড়েছিলেন অ‍্যান্ড্রু কোল ও অ‍্যালান শিয়েরার। অভিষেক মৌসুমেই সেটা নিজের করে নিলেন হালান্ড। চলতি মৌসুমে ৩১ ম্যাচে তার গোল ৩৫টি। 

ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান আরও বাড়লে জয় নিশ্চিত হয়ে যায় সিটির। কর্নারে উড়ে আসা বল চলে যায় বক্সের বাইরে থাকা ফোডেনের কাছে। তার বুলেট গতির শটে বল প্রতিপক্ষের এমেরসনের পায়ে লেগে দিক পাল্টে চলে যায় জালে।

এই জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠল ম্যানসিটি। ৩৩ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!