আইপিএল ইতিহাসে প্রথমবার মুখোমুখি টস করলেন আপন দুই ভাই
এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হলো আইপিএল। রোববার দুপুরের ম্যাচে দুই দলের অধিনায়ক হিসেবে মুখোমুখি হলেন দুই ভাই। বড় ভাই ক্রুণাল পান্ডিয়া এবং ছোট ভাই হার্দিক পান্ডিয়াকে ঘিরে তৈরি হল এই বিরল মুহূর্ত।
এ অবস্থায় টসের পর আবেগে ভাসলেন হার্দিক। এমন মুহূর্তে বাবার কথা মনে পড়েছে তার।
আহমেদাবাদে আজ গুজরাট টাইটাইন্সের মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস। গতবার গুজরাটকে আইপিএল জিতিয়েছিলেন হার্দিক। এবারও সেই দলের অধিনায়ক তিনি।
অন্যদিকে এবার লখনৌ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন লোকেশ রাহুল। কিন্তু চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন তিনি। রাহুলের জায়গায় লখনৌ দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল।
আর এর ফলে আইপিএলের ইতিহাসে প্রথমবার দুই ভাই টস করলেন একসঙ্গে। টসের সময় দেখা গেল হার্দিক তার বড় ভাই ক্রুণালের জার্সির কলার ঠিক করে দিচ্ছেন। ভাইকে জড়িয়ে ধরে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করছেন।
ম্যাচে টস জেতেন ক্রুণাল। তিনি বল করার সিদ্ধান্ত নেন। এ সময় হার্দিক বলেন, বাবা থাকলে খুব খুশি হত। আমাদের পরিবারের জন্য খুব আবেগের দিন। বাবা খুব গর্বিত হত। আইপিএলে প্রথমবার এমন হল, আমাদের পরিবারও খুব খুশি। আজ কোনো এক পান্ডিয়া জিতবেই।