২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। কাতালান ক্লাবটির আর্থিক সমস্যার কারণে ইচ্ছার বিরুদ্ধে ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছিল তাকে। প্যারিসের ক্লাবটিতে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষে।
গণমাধ্যমের খবর, চুক্তি নবায়নে আগ্রহী নন মেসি। নিজের সিদ্ধান্ত এরই মধ্যে পিএসজিকে জানিয়ে দিয়েছেন তিনি। তার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সৌদি আরবের ক্লাব, যুক্তরাষ্ট্রের ক্লাবের পাশাপাশি শোনা যাচ্ছে বার্সেলোনার নামও।
.png)
মেসিকে আবার বার্সেলোনায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অনেকে। সমর্থকরাও খুব করে চান প্রিয় তারকাকে ফিরে পেতে। তবে তাদের চাওয়া পূরণের জোর সম্ভাবনা দেখছেন না কোম্যান।
বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে বিভিন্ন সময়ে মেসিকে ফেরানোর আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কোম্যানের কাছে এসব খবর একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, লাপোর্তে আসলে নিজের মুখ বাঁচাতে চায়। কারণ সবার চোখে সে এমন একজন যে মেসিকে ছেড়ে দিয়েছিল।
সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের বর্তমান এই কোচ আরো জানান, ভিন্ন ঠিকানায় দেখা যেতে পারে মেসিকে। তিনি বলেন, আমার মনে হয় না মেসি বার্সেলোনায় ফিরবে। সার্জিও বুসকেটস চলে যাবে, জর্দি আলবাও থাকবে না।
এরপর তিনি বলেন, ওরা তিন জন ভালো বন্ধু। তারা একসঙ্গে মায়ামি বা সৌদি আরবে খেলতে গেলে আমি অবাক হব না। বুসকেটস এরই মধ্যে চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর আলবারও ঠিকানা বদলের গুঞ্জন রয়েছে।