অ্যাশেজের আগে দুঃসংবাদ পেলো ইংল্যান্ড
অ্যাশেজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইশ গজের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। সাদা পোশাকের এই সিরিজে উত্তেজনার পারদ ছুটতে থাকে। মর্যাদার লড়াইয়ে জয় তুলে নিতে বেশ আগেভাগেই নানা পরিকল্পনা সাজিয়ে থাকে দুই দল। তবে সিরিজটির আগেই দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড।
অ্যাশেজ শুরু হতে এখনো এক মাসেরও বেশি সময় বাকী আছে। এর আগে কুঁচকির ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন ইংলিশদের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। ফলে এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে খেলতে হলে ফিটনেস প্রমাণের জন্য লড়াই করতে হবে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারকে।
সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় ডান কুঁচকির ইনজুরিতে পড়েন অ্যান্ডারসন। ওল্ড ট্রাফোর্ডে সামারসেটের বিপক্ষে প্রথম দিন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি তিনি। ওই ম্যাচে ১৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন এ ইংলিশ বোলার।
.png)
এদিকে আগামী জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড। এর তিন সপ্তাহ আগে অ্যান্ডারসনের ইনজুরি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ইসিবি।
বিবৃতিতে ইসিবি বলেছে, আগামী সপ্তাহে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য দল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। শনিবার স্ক্যান করা অ্যান্ডারসনের রিপোর্টের জন্য সময় নিবে তারা।’
এবারের ইনজুরিতে ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরের স্মৃতি জাগিয়ে তুলেছে। প্রথম টেস্টে চার ওভার বল করার পর কাফ ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছিলেন অ্যান্ডারসন।
চলতি মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে এখন পর্যন্ত পাঁচটির মধ্যে চারটি ম্যাচ খেলে ২০.৩০ গড়ে ১৬ উইকেট নিয়েছেন ৪০ বছর বয়সী এই পেসার।
উল্লেখ্য, আগামী ১৬ জুন থেকে শুরু হবে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ।