বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের মতে, ‘তরুণ খেলোয়াড়রা দারুণ করছে। তবে সিনিয়রদের মধ্যে যারা বাইরে আছেন তাদেরও একেবারে ফেলে দেওয়া উচিত নয়।’
অ্যাওয়ে কন্ডিশনে বরাবর ভুগতে থাকা দলটাই, ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হয়েছে কার্টেল ওভারে। ৪৫ ওভারের ম্যাচেই ৩২০ রান তাড়া করে জিতেছে টাইগাররা। আর শেষ ম্যাচে চাপের মাঝে নৈপুণ্য দেখিয়েছেন বোলাররা। পুরো দলের এমন লড়াকু মনোভাব মুগ্ধ করেছে নীতি নির্ধারকদের।
.png)
বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘এত কমফোরটেবলি আমরা জিততে পারব কিনা, অনেকেই জিজ্ঞেস করেছিল। এই মৌসুমে ইংল্যান্ডের উইকেটটা কিন্তু অনেক ডিফিক্যাল্ট থাকে। কিন্তু এই কন্ডিশনে, এই উইকেটে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এভাবেই যদি টিমটা খেলে, তবে সামনে আমাদের ভালো একটা সুযোগ আছে ওয়ানডে বিশ্বকাপে, ভারতে যেখানে আমাদের মতো কন্ডিশনেই খেলা হচ্ছে।’
তিনি আরো বলেন, বছর দুই-তিন থেকেই নতুন আসা কিছু তরুণ খেলোয়াড় দারুণ খেলছে। এমন কিছু খেলোয়াড় আছেন যাদের সম্ভাবনা অনেক বেশি। যাদের দেখলেই বোঝা যায়, এরা বাংলাদেশের অনেক বড় খেলোয়াড় হবে। তাদের একজন ছিলেন শান্ত। সে কিন্তু এখন অনেক ভালো করছে। লিটন গত দুই-তিন বছরে ভালো করেছে।
আকরামের ভাষ্যে, ‘এটা ঠিক যে, আগে যেমন ধারণা ছিল সিনিয়র খেলোয়াড়রা যদি ভালো না খেলে তবে আমরা ভালো করতে পারব না। আবার আমাদের ব্যাটাররা যদি রান না করে তবে আমরা জিততে পারব না। এখন ওই জিনিসটায় পুরোপুরি পরিবর্তন চলে আসছে। এখন আমাদের ফাস্ট বোলাররা কিন্তু ম্যাচ জেতাচ্ছে। আমাদের তরুণ খেলোয়াড়রা রান করছে।’
তবে সিনিয়রদের একেবারে ফেলে দেয়ার পক্ষে নন আকরাম। ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। এর মধ্যে চন্ডিকা হাথুরুসিংহে জানিয়ে দিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চান। সেই এক্সপেরিমেন্টের অংশ হিসেবেই দলের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচশ’র বেশি রান করা এই ক্রিকেটারকে ছাড়া বিশ্বকাপের দল সাজানো বুদ্ধিমানের কাজ হবে না বলে মনে করেন বিসিবি পরিচালক।
আকরাম বলেন, অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু বিশ্বকাপে অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বকাপের তিন-চার বছর আগে থেকে পরীক্ষা-নিরীক্ষা করেন তবে সেটা কিন্তু টিমের জন্য ভালো। কিন্তু আপনি যদি একদম শেষ মুহূর্তে এসে এটা করেন তবে তা আপনার জন্য অনেক খারাপ হবে। এভাবে আমরা আগে অনেকবার অনেক খারাপ করেছি। আর রিয়াদকে শুধু গত পাঁচ-ছয়টা ম্যাচ দিয়ে মূল্যায়ন করলে ভুল হবে। কারণ রিয়াদ এমন একজন খেলোয়াড় যে গত দশ বছর বাংলাদেশ দলের জন্য চমৎকার খেলে আসছে। তার অভিজ্ঞতা জিনিসটা আছে।