ট্রেবলের খুব কাছাকাছি পৌঁছে গেছি: গার্দিওলা
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে রিয়ালের জালে চারটি বল পাঠিয়েছে সিটি। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
আগামী ১০ জুন ইস্তাম্বুলে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি। এ ম্যাচে ইন্টার মিলানকে হারাতে পারলেই স্বপ্ন পূরণ হবে সিটিজেনদের। তার চেয়েও বড় কথা, এখন ট্রেবল জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন হালান্ড-আলভারেজরা।
এই ট্রেবল জয়ের জন্য সিটিকে আর কেবল তিনটি ম্যাচ জিততে হবে। টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকা সিটির সামনে এই তিনটি ম্যাচের বাধা পার হলেই স্বপ্নের স্বর্গরাজ্যে প্রবেশ করে ফেলবে পেপ গার্দিওলার শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এই তিনটি শিরোপার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে সিটি। আর এই তিনটি শিরোপা জিতলে ১৯৯৯ সালের পর ২৪ বছর বাদে কোনো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ট্রেবল জয়ের গৌরব অর্জন করবে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো তিনটি ম্যাচ বাকি ম্যানচেস্টার সিটির। এর মধ্যে একটি জিতলেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে যাবে আকাশী শিবির। এরপর বাকি থাকবে এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
এরপর এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ৩ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১০ জুন অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।
ট্রেবল জয় নিয়ে পেপ গার্দিওলা বলেন, ‘আগে আমাকে প্রথম দুটি শিরোপা জয় করতে দিন। প্রিমিয়ার লিগে আমরা একেবারে কাছাকাছি। আমরা জানি, আর একটি মাত্র ম্যাচ প্রয়োজন আমাদের। এরপর আমাদেরকে খেলতে হবে প্রতিবেশি (ম্যানইউ) এবং ইতালিয়ান প্রতিদ্বন্দ্বীর (ইন্টার মিলান) বিপক্ষে। এখন আমাদের উচিৎ এই শিরোপাগুলো হাতে তুলে নেয়া। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং অবশ্যই আমরা সে চেষ্টা করবো।’
গার্দিওলা আরো বলেন, ‘আমরা প্রায় এ জায়গায় (শিরোপার কাছে) পৌঁছে গেছি। এখন এ নিয়ে আমাদের চিন্তা করা উচিৎ। এখন এ সম্ভাবনা সামনে দেখতে পাচ্ছি। মাত্র তিনটি ম্যাচ দুরে দাঁড়িয়ে আমরা। এক এক করে প্রতিটি প্রতিযোগিতাতেই আমাদের এটা পারা উচিৎ।’