বিশ্বকাপের দল নিয়ে তাড়াহুড়ো নয়: নান্নু
ভারত বিশ্বকাপের আসর বসতে খাতাকলমে এখনো প্রায় পাঁচ মাস বাকি। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ক্রিকেটের মেগা আসরের পর্দা উঠবে। তার আগে খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। তবে বিশ্বকাপ দল নিয়ে তাড়াহুড়ো করতে চান না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বিশ্বকাপ মিশনের আগে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে তামিম ইকবালের দল।
এশিয়া কাপে যে দল নির্বাচন করা হবে সেটিই নাকি বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে। এমন কথা বেশ কয়েকবারই জানিয়েছেন জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্টরা।
.png)
অবশ্য বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, বিশ্বকাপের দল নিয়ে তাড়াহুড়ো করতে চান না তারা।
শুক্রবার নিজের বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য।’
নান্নু বলেন, ‘আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরো অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তার কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে যখন আছে তখন চোখের আড়াল হবে না।’