ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মার্কুইনোসের ওপর আস্থা রাখল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ২০ মে ২০২৩
মার্কুইনোসের ওপর আস্থা রাখল পিএসজি
ছবি- সংগৃহীত

ফরাসি লিগের চলতি মৌসুম শেষের পথে। দলবদলের এই মৌসুমে তারকা ফুটবলারদের নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে লিওনেল মেসি ও নেইমারকে নিয়ে নতুন ক্লাবের খবর রটেছে। তবে ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনোসে আস্থা রেখেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।

পিএসজির অধিনায়ক মার্কুইনোসের সঙ্গে আগামী ২০২৮ সাল পর্যন্ত চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি। তার সঙ্গে প্যারিসিয়ানদের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি ছিল। তবে সদ্য ২৯ বছরে পা দেওয়া মার্কুইনোসের সঙ্গে চুক্তি ২০২৮ সাল পর্যন্ত নবায়ন করেছে ফরাসি জায়ান্টরা।

শুক্রবার পিএসজি এক বিজ্ঞপ্তি দিয়ে মার্কুইনোসের সঙ্গে চুক্তি আরো চার বছর বাড়িয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানিয়েছে, ‘এটা ঘোষণা দিয়ে ভালো লাগছে যে, মার্কুইনোসের সঙ্গে মেয়াদ বাড়িয়ে নতুন চুক্তি করেছে পিএসজি। এই ডিফেন্ডারকে নিয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত তাদের দুঃসাহসিক অভিযান চালিয়ে যাবে ক্লাবটি।’

এর আগে ২০১৩ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে পিএসজিতে যোগ দেন মার্কুইনোস। সবশেষ ২০২০ সালের জানুয়ারিতে ক্লাবের সঙ্গে ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন তিনি। তবে এই ব্রাজিলিয়ানে সন্তুষ্ট ক্লাবটি নতুন করে মেয়াদ বাড়িয়ে নিয়েছে।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করে দারুণ খুশি মার্কুইনোসও। তিনি বলেন, ‘আমি চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পেরে আনন্দিত, খুব গর্বিতও। এটা আমার জন্য খুব বিশেষ মুহূর্ত। প্যারিস সেন্ট জার্মেই সবসময় আমার উপর আস্থা দেখিয়েছে এবং এই ক্লাবের প্রতিও আমার অনেক আস্থা আছে। আমি নিশ্চিত যে আমরা আগামী বছরগুলোতে একত্রে আরো দারুণ কিছু অর্জন করতে থাকব।’

মার্কুইনোসের সঙ্গে চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফিও। তিনি বলেন, ‘মার্কুইনোস প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) পরিবারের সঙ্গে সময় বাড়ানোয় আমরা খুব খুশি। আমার মনে আছে যখন সে এখানে এসেছিল তখন তার বয়স ছিল ১৯ বছর। প্রথম দিন থেকেই নিজেকে উৎসর্গ করে বিজয়ী মনোভাব দেখিয়েছেন। সবসময় ক্লাবের জার্সির জন্য লড়াই করেছেন। তার ফুটবল প্রতিভা, অভিজ্ঞতা এবং ক্লাবের প্রতি দায়বদ্ধতা ব্যতিক্রমী। আমি জানি পিএসজিতে মার্কুইনোসের যাত্রা অব্যাহত থাকায় আমরা একত্রে আরো অনেক সাফল্য পাব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: পিএসজি
লিংক সফলভাবে কপি হয়েছে!