ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভিনির ঘটনায় বড় পদক্ষেপ নিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২৩ মে ২০২৩
ভিনির ঘটনায় বড় পদক্ষেপ নিল রিয়াল
ছবি- সংগৃহীত

লা লিগার ম্যাচে ফের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলের তরুণ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে স্পেনের ঘরোয়া লিগ জুড়ে। এরই মধ্যে ভিনিকে সমর্থন জানিয়েছেন সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। এবার তার ঘটনায় বড় পদক্ষেপ নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

সোমবার রিয়ালের এক বিবৃতিতে ভিনির সঙ্গে ‘হেইট ক্রাইম’ (ঘৃণাপ্রসূত অপরাধ) সংঘটিত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে স্পেনের প্রসিকিউটর অফিসে এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। এখন সেখান থেকেই সিদ্ধান্ত আসবে, ঘটনাটিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না।  

বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে গতকাল (রোববার) যে ঘটনা ঘটেছে, রিয়াল মাদ্রিদ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা আমাদের সামাজিক সহাবস্থান ও গণতান্ত্রিক রীতিনীতির ওপর সরাসরি আঘাত।’

Advertisement

এদিকে লা লিগাও এক বিবৃতিতে জানিয়েছে, যদি ভিনির সঙ্গে 'হেইট ক্রাইম' সংঘটিত হয়ে থাকে; তাহলে তাদের পক্ষ থেকেও আলাদাভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভিনি নিজে জানিয়েছেন, পুলিশ নাকি বর্ণবাদী আচরণকারী এক দর্শককে চিহ্নিত করেছে। অন্য আর কেউ তার সঙ্গে জড়িত ছিল কি না, তা নিশ্চিত করতে রিয়ালের পক্ষ থেকেও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। 

আর রিয়াল জানিয়েছে, ভ্যালেন্সিয়ার পক্ষ থেকেও নাকি তদন্ত শুরু করেছে। তদন্তে যাদের দোষী পাওয়া যাবে, তাদের আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তও গ্রহণ করা হবে।  

রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে ১-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭০ মিনিটে ফ্রি-কিক নিতে গিয়ে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য শোনেন ভিনি। খেপে গিয়ে সঙ্গে সঙ্গে ওই দর্শকের দিকে তেড়ে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর আর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে হয়নি তার। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির পরামর্শে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!