ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যতই অভিযোগ আসুক সিটিতেই থাকব: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১০, ২৪ মে ২০২৩
যতই অভিযোগ আসুক সিটিতেই থাকব: গার্দিওলা
পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেয়ার পর ছয় মৌসুমের পাঁচটিতেই সফল পেপ গার্দিওলা। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে পাঁচটি শিরোপা ঘরে তুলেছে সিটিজেনরা। যার সবশেষ শিরোপাটি চলতি মৌসুমের। এছাড়াও সামনে আরো দুই শিরোপার হাতছানি রয়েছে এ স্প্যানিশ কোচের। 

মাঠের খেলায় অপ্রতিদ্বন্দ্বী হলেও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রয়েছে আর্থিক অভিযোগ। অবশ্য ক্লাবটির কোচ গার্দিওলা এসব নিয়ে তেমন একটা চিন্তিত নন। অভিযোগ যতই আসুক, সিটিজেনদের ক্লাবেই থেকে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে অভিযোগ এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘস্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে।’

এছাড়া ২০২০ সালে উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে ৮৬ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১১৬ কোটি ৩৮ লাখ টাকা) জরিমানা দিয়ে নিষেধাজ্ঞা পেরিয়ে যায় সিটিজেনরা। আর্থিক অভিযোগের ব্যাপারে দুশ্চিন্তা করছেন না গার্দিওলা। 

সিটির কোচ বলেন, ‘আমাদের বিরুদ্ধে ১১০টা নিয়ম ভঙ্গের অভিযোগ এলেও আগামী মৌসুমে থাকব। দুশ্চিন্তা করবেন না। আমরা আছি।’ 

প্রিমিয়ার লিগের করা অভিযোগের দ্রুত সমাধানও চেয়েছেন গার্দিওলা। তিনি বলেন, ‘যদি আমরা কোনো ভুল করে থাকি, সেটা সবাই জানতে পারবেন। আর আমার বিশ্বাস, ক্লাব হিসেবে বছরের পর বছর ধরে সব ঠিকভাবেই হয়েছে। লোকেরা এই নিয়ে কথা বলা বন্ধ করবেন। আশা করি, বিচারকেরা উভয়পক্ষ থেকেই দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন, কোনটা বেশি ভালো হয়। দুই বছর অপেক্ষা করতে পারব না। সবার ভালোর জন্য দ্রুত সবকিছুর সমাধান করা উচিত।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!