ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ২৭ মে ২০২৩
যে কারণে বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস!
ভিনিসিয়ুস জুনিয়র

চলতি মৌসুমে মোট পাঁচবার দর্শকদের কাছ থেকে বর্ণবাদী মন্তব্য শুনেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এর বিরুদ্ধে ব্রাজিলিয়ান তারকা সোচ্চার হতেই টনক নড়েছে লা লিগা কর্তৃপক্ষের।

সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে এমন হওয়ার পর তিনজনকে গ্রেফতার এবং একটি স্ট্যান্ডকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এখানেই শেষ নয়, আর্থিক জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে।

শুরুতে ভিনিসিয়ুসের দিকে তোপ দাগলেও পরে ক্ষমা চান লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। এবার তিনি এই বর্ণবাদী আচরণের কারণও জানিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তেবাস ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কেন বারবার বর্ণবাদের শিকার হচ্ছেন ভিনিসিয়ুস। 

Advertisement

এর পাশাপাশি রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফুটবলারের সঙ্গে দেখা করার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন তেবাস। ভিনিসিয়ুসের বারবার বর্ণবাদের শিকার হওয়ার পেছনে অদ্ভুত যুক্তি দেখিয়ে তিনি বলেন, ‘ভিনিসিয়ুস দুর্দান্ত এক খেলোয়াড়, এই কারণেই সে বারবার বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছে। 

তিনি আরো বলেন, ‘আমি ভিনিসিয়ুস অথবা তার প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাই। আমি তাকে দেখাতে চাই যে বর্ণবাদ দমনে আমরা কী কী করছি। আমরা ভিনির সামনে প্রমাণ করতে চাই, লা লিগা এমনই একটা প্রতিষ্ঠান, যারা বর্ণবাদের বিরুদ্ধে সব সময়ই লড়াই করে যাচ্ছে।’

লা লিগার ইতিহাস যেকোনো ধরনের বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার। এটা সবাইকে মনে করিয়ে দিয়ে তেবাস বলেন, ‘আমাদের এর আগে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আছে। একসময় লা লিগার ম্যাচগুলোতে সমকামী বিদ্বেষ কিংবা বিদেশিদের প্রতি বিদ্বেষমূলক স্লোগান দিতে দেখা যেত।’

এরপর তিনি বলেন, ‘আমরা সেগুলো বন্ধ করেছি। এখন সেগুলো নেই। এখন বর্ণবাদী স্লোগান যারা দিচ্ছে, তাদের সংখ্যাও খুব কম। আমরা তাদের বিরুদ্ধে লড়ব। বর্ণবাদের বিরুদ্ধে লড়াইটা প্রতিদিনের।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!