ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল ফাইনালে যে পাঁচ ক্রিকেটারের দিকে নজর রাখতেই হবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২, ২৮ মে ২০২৩
আইপিএল ফাইনালে যে পাঁচ ক্রিকেটারের দিকে নজর রাখতেই হবে
ফাইল ছবি

দেখতে দেখতে একদম শেষের পথে আইপিএলের এবারের আসর। আর এক ম্যাচ পরই পর্দা নামবে প্রতিযোগিতার। এরই মধ্যে টুর্নামেন্টের ১৬তম আসরের  ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। রোববার (২৮ মে) শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে এই দুই দল। 

পুরো আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আইপিএলের ফাইনালে এসেছে চেন্নাই ও গুজরাট। ফাইনালে মূল লড়াইটা হবে দুই দলের অধিনায়কের। মহেন্দ্র সিং ধোনির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব নাকি হার্দিক পান্ডিয়ার লড়াকু মনোভাব, শেষ হাসি কারা হাসবে সেটি সময়ই বলে দিবে।

তবে দুই দলে এমন পাঁচজন ক্রিকেটার রয়েছেন যারা পারফরম্যান্স দিয়ে চমক দেখাতে পারে ফাইনালে। চলুন দেখে নেয়া যাক তারা কারা-

Advertisement

শুভমান গিল: গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে গিল। এবারের টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপও পেয়েছেন। মেগা ফাইনালে গিল ব্যাট হাতে আবারও ঝড় তুলতে পারেন কিনা সেদিকে আলাদা নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

রশিদ খান: এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে আছেন রশিদ খান। চলতি আসরে ২৭টি উইকেট নিয়েছেন তিনি। আফগান এই তারকা সবসময় বড় ম্যাচে জ্বলে উঠতে পছন্দ করেন। আইপিএল ফাইনালে তার লেগ স্পিন চেন্নাইকে কতটা বিপদে ফেলতে পারে সেটাই দেখার বিষয়। 

মোহাম্মদ শামি: বয়স যত বাড়ছে ততই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন শামি। চলতি আইপিএলে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। একই সঙ্গে পার্পল ক্যাপও তার দখলে। ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসার ফাইনালে নিজের সেরাটা দিয়ে টানা দ্বিতীয়বার গুজরাটকে চ্যাম্পিয়ন করতে চাইবেন। 

রবীন্দ্র জাদেজা: গুঞ্জন রয়েছে, চলতি আইপিএলের পর চেন্নাই ছাড়তে পারেন জাদেজা। কিন্তু যতক্ষণ আছেন চেন্নাইয়ের অন্যতম সম্পদ তিনি। বাঁহাতি স্পিনার হিসেবে উইকেট শিকারের পাশাপাশি মিডল অর্ডারে দ্রুত রান তুলতে পারেন। ফিল্ডার হিসেবেও তিনি দুর্দান্ত।

ডেভন কনওয়ে: নিউজিল্যান্ডের এই বাঁহাতি ওপেনিং ব্যাটার চলতি আইপিএলে রয়েছেন দুর্দান্ত ছন্দে। বোলারদের ওপর চড়াও হতে পারেন তিনি। তার সঙ্গে ওপেনিং পার্টনারশিপ হিসেবে ঋতুরাজও কম ভয়ঙ্কর নন। ফাইনালে কনওয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষের পরিকল্পনা নষ্ট করে দিতে চাইবেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!