শিরোপার লড়াই নিষ্পত্তি হয়ে যাওয়ার কারণে মৌসুমের শেষ ম্যাচে আর মাঠেই নামেননি রোনালদো। গ্যালারিতে বসে দলের জয় দেখলেন তিনি। তার অনুপস্থিতিতে আল ফাতেহ-এর বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।
রোনালদোর অনুপস্থিতিতে আল নাসরের বড় তারকা বনে যান ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিসকা। তিনি নিজে দুটি গোল করেছেন এবং আরও একটি গোল করিয়েছেন। খেলার ৪ মিনিটে প্রথম গোল করেন অ্যান্ডারসন তালিসকা। খেলার ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি এবং খেলার ৭২ মিনিটে মোহাম্মদ মারওয়ানের গোলেও অবদান রাখেন তিনি। তাতেই বড় ব্যবধানে জয় পায় আল নাসর।
.png)
গত জানুয়ারিতে আল নাসরের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হন সিআর সেভেন। এরপর ১৬ ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১৪টি। তবে, শেষ ম্যাচে আল ফাতেহ-এর বিপক্ষে তার মাঠে না নামার কারণ হিসেবে তার ক্লাব আল নাসরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চারদিন আগে পায়ের মাসলে আঘাত পেয়েছিলেন তিনি। এ কারণেই তাকে বিশ্রাম দেয়া হয়েছে।’
তবে, তার বিশ্রামের মূল কারণ ভিন্ন। রোনালদোর নিজের দেশ পর্তুগালের সামনে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এবং আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে সিআর সেভেনের দেশের। এ কারণেই তাকে বিশ্রামে রাখা হয়েছে।