এরই মধ্যে শেষ হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলা। চ্যাম্পিয়ন ক্লাবগুলো এরই মধ্যে শিরোপা উঁচিয়ে উৎসবও সেরে নিয়েছে। নিশ্চিত হয়ে গেছে কারা খেলবে আগামী মৌসুমে উয়েফার বিভিন্ন স্তরের প্রতিযোগিতা তথা- চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে।
এবার একনজরে দেখে নিন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা তথা স্কোরার কারা:
.png)
প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতা। ৩৫ ম্যাচে ৩৬টি গোল করেছেন তিনি। এছাড়া ইংলিশ তারকা হ্যারি কেন ৩৮ ম্যাচ খেলে ৩০ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি খেলেছেন টটেনহ্যামের জার্সিতে।
লা লিগা: এই মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনার এই তারকা ৩৪ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। তালিকায়ে দুইয়ে আছেন সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দেয়া স্ট্রাইকার করিম বেনজেমা। তিনি ২৪ ম্যাচে ১৯টি গোল করেছেন।
সিরি আ: ইতালিয়ান লিগ সিরি আয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নাইজেরিয়ান ফুটবলার ভিক্টর ওসিমেন। নাপোলির এই ফরোয়ার্ড ৩২ ম্যাচ থেকে ২৬ গোল করেছেন। আর আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে ৩৮ ম্যাচ থেকে ২১ গোল করেছেন।
বুন্দেসলিগা: জার্মান তারকা নিকলাস ফুলক্রুগ ওয়ের্ডার ব্রেমেনের হয়ে ২৮ ম্যাচ থেকে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এছাড়া লাইপজিগের ক্রিস্টোফার এনকুনকু ২৫ ম্যাচে ১৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
লিগ ওয়ান: ফরাসি লিগটিতে পিএসজির জার্সিতে এমবাপ্পে ৩৪ ম্যাচ থেকে ২৯ গোল করেছেন। যা সর্বোচ্চ। আর অলিম্পিক লিঁওর জার্সিতে খেলা আলেকজান্দার লাকাজেট ৩৫ ম্যাচ থেকে ২৭ গোল করে দুইয়ে রয়েছেন।