ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মিয়ামির জার্সিতে কবে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ৮ জুন ২০২৩
মিয়ামির জার্সিতে কবে নামবেন মেসি
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব (এমএলএস) ইন্টার মিয়ামিতে পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেই।

এর আগে সৌদির ক্লাব আল হিলাল ও স্প্যানিশ জায়ান্ট বার্সোলোনা নিয়ে গুঞ্জন শোনা গেলেও অবশেষে আমেরিকার ক্লাবে নাম লেখালেন মেসি। বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন এ আর্জেন্টাইন কিংবদন্তি। 

বিষয়টি নিয়ে মেসি বলেন, ‘আমি বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মিয়ামিতে যাচ্ছি।’ 

Advertisement

এদিকে মেসির এই ঘোষণার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন, ইন্টার মিয়ামির জার্সিতে কবে মাঠে নামবেন লিও? 

আগামী ৩০ জুন পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তি রয়েছে মেসির। এরপর ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির ফুটবলার হয়ে যাবেন মেসি। মেজর লিগ সকারে তার বেতনের সঠিক অঙ্ক জানা যায়নি। 

তবে ধারণা করা হচ্ছে, মৌসুম প্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এছাড়া অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি।  

ইন্টার মিয়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সঙ্গে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি।

স্ট্রিমিং প্যাকেজ এমএলএস সিজন প্লাসে সাইন আপ করে যেসব নতুন গ্রাহক তৈরি হবে, সেখান থেকে রাজস্বের একটি অংশ মেসিকে দেওয়ার চিন্তা করছে অ্যাপল। অন্যদিকে অ্যাডিডাস কোম্পানি চিন্তা করছে, মেসি মেজর সকার লিগে খেললে তাদের মুনাফা বাড়বে। সেক্ষেত্রে তাকে একটি অংশ দেয়ার চিন্তাভাবনা করছে কোম্পানিটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!