ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এখন পর্যন্ত সাতবার ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেছেন মেসি। তবে এই পুরষ্কারটি নিয়ে আগের মতো আগ্রহী নন তিনি। ইউরোপ অধ্যায় শেষে নতুন ক্লাবে পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন লিও। আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্টের ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি দিবেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে শেষ হবে তার ইউরোপ ফুটবলের অধ্যায়।
স্বাভাবিকভাবেই এরপর আর মেসির ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বকাপ জেতার পর অন্তত এবার তার নামটি প্রথমদিকেই থাকবে। সেই সঙ্গে আছে পিএসজির জার্সিতে লিগ ওয়ানের শিরোপাও।
.png)
সম্প্রতি চীনা সংবাদমাধ্যম ‘টাইটান স্পোর্টস’-কে মেসি বলেন, ‘ব্যালন ডি’অর আমার কাছে গুরুত্বপূর্ণ কি না? না, এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমি আগেও বলেছি ব্যক্তিগত পুরস্কার নিয়ে আমি ভাবি না, দলীয় সাফল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার বিশ্বকাপ, আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কারও।’
মেসি আরো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন না তিনি। তবে সতীর্থদের উৎসাহ দিতে খেলা দেখবেন। তাকে প্রশ্ন করা হয় ২০২৬ বিশ্বকাপ নিয়ে। জবাবে তিনি জানিয়ে দেন নিজের সিদ্ধান্তের কথা।
আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার মনে হয় না (পরবর্তী বিশ্বকাপ খেলবো)। ওটা ছিল (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ। আমি দেখতে চাই সবকিছু কেমন যাচ্ছে। কিন্তু মূল কথা হলো, পরবর্তী বিশ্বকাপ আমি খেলতে যাচ্ছি না।’