জামালদের ম্যাচের সব টিকিট শেষ
আগামী মাসে ভারতের মাটিতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এ লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিতে কম্বোডিয়াতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরই মধ্যে দেশটির একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলেছেন জামাল ভূঁইয়ারা। যেখানে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এবার কম্বোডিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি বৃহস্পতিবার নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
জানা গেছে, নমপেনের অলিম্পিক স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩০ হাজার। বাংলাদেশ-কম্বোডিয়ার ম্যাচটি দেখতে সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।
.png)
এদিকে কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিজেদের মাটিতে কম্বোডিয়া খুব ভালো প্রতিপক্ষ। তবে আগামী ম্যাচে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। এই ম্যাচটি সাফের আগে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।’
কাবরেরা আরো বলেন, ‘এ বছর আমাদের বেশ কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। বিশ্বকাপ বাছাই বেশ গুরুত্বপূর্ণ তবে এখন সবচেয়ে বেশি মনোযোগ সাফ টুর্নামেন্টে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।’
অবশ্য কম্বোডিয়ার বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে জানিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘কম্বোডিয়ায় বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে। আমরা তাদের বিপক্ষে ভালো খেলে জিততে চাই।’