ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

দ্বিতীয় দিন মাত্র ৭ ওভারে অল আউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫, ১৫ জুন ২০২৩
দ্বিতীয় দিন মাত্র ৭ ওভারে অল আউট বাংলাদেশ
ছবি: বিসিবি

আগেরদিন আফগান বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু রাত পেরোতেই পুরো উল্টো চিত্র। দ্বিতীয় দিন সকালে সফরকারীদের বোলিংয়ের সামনে যেন কোনো উত্তরই খুঁজে পেলেন না কেউ।

আর তাই ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৭ ওভার টিকেছে টাইগারদের ইনিংস। এদিন স্বাগতিকরা ৪৫ মিনিট ক্রিজে থেকে করতে পেরেছে মাত্র ২০ রান। অল আউট হওয়ার আগে ৩৮২ রান করেছে বাংলাদেশ।

মুশফিকুর রহিম ৪১ ও মেহেদী হাসান মিরাজ ৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দুজনেরই বড় ইনিংস খেলার অভিজ্ঞতা থাকায় আজ টাইগারদের সংগ্রহ বড় হবে, এমনটাই ভেবেছিলেন সবাই। কিন্তু তা আর হলো কই!

নিজাত মাসুদের বলে ৪৭ রানে স্লিপে ধরা পড়েন মুশফিক। তার আগের ওভারেই আহমাদজাইয়ের বলে পয়েন্টে আউট হন মিরাজ। এ অলরাউন্ডার করেন ৪৮ রান। অল্প সময়ে দুজনের বিদায়ে বেশ বিপদে পড়ে টাইগাররা।

লেজের দিকের ব্যাটাররাও আজ কিছু করতে পারেননি। তাসকিন আহমেদ ২ রান করলেও খাতা খোলার আগেই ফিরেছেন তাইজুল ইসলাম। শরিফুল ৬ রানে বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

বল হাতে আফগানিস্তানের হয়ে আলো কেড়েছেন এ ম্যাচে অভিষিক্ত নিজাত মাসুদ। ইতিহাসের ২২তম বোলার হিসেবে অভিষেকের প্রথম ডেলিভারিতেই উইকেট নেয়া এ বোলার শিকার করেছেন পাঁচ উইকেট।

দ্বিতীয় আফগান বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকার করেছেন মাসুদ। তিনি ছাড়া ইয়ামিন আহমাদজাই দুটি এবং জহির খান, আমির হামজা ও রহমত শাহ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথম দিনে সবচেয়ে বড় মুখ ছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি খেলেছেন ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস, যা তার ক্যারিয়ারে দ্বিতীয় সেরা। এছাড়া মাহমুদুল হাসান জয় ৭৬ রান করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!