ভারত-পাকিস্তানের সমস্যার সমাধান দিতে ‘হাইব্রিড মডেল’কে বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এতে নাকি ভারত-পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলংকাও উপকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন দ্য গ্রিন ম্যানদের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরের চারটি ম্যাচ পাকিস্তানে এবং বাকি নয়টি ম্যাচ শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।
.png)
এর আগে পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে না চাওয়া এবং তার জবাবে ভারত বিশ্বকাপ বয়কটের হুমকিতে টানা অনেকদিন ধরেই অস্থিরতা লেগে ছিল। যার কারণে ভেস্তে যেতে বসেছিল এবারের এশিয়া কাপ। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে।
শ্রীলংকাকে ‘উল্লেখযোগ্য সুবিধাভোগী’ উল্লেখ করে রশিদ লতিফ বলেন, ‘ভারত ও পাকিস্তান উভয়েই এতে সফল হয়েছে। তৃতীয় সুবিধাভোগী শ্রীলংকা, যেই দেশটি প্রায় নয়টি ম্যাচ নিয়ে টুর্নামেন্টের আয়োজক হবে। আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশ তাদের নিজ নিজ অংশগ্রহণের ফি পাবে, তাই এটি একটি খুব ভালো ইভেন্ট হবে। পাকিস্তান-ভারত খুশি, বাংলাদেশ ও শ্রীলংকাও খুশি।’
রশিদ লতিফ আরো বলেন, ‘এটি একটি সাধারণ দৃশ্য। জয় শাহ জিততে চেয়েছিলেন, তার কাজের জন্য স্বীকৃতি দরকার ছিল। এসিসির সভাপতি হওয়ার কারণে তিনি কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তাই তাদের পুরস্কৃত করতে চেয়েছিলেন তিনি। পিসিবিও একটি গুরুতর পরিস্থিতিতে রয়েছে। তাদের মুখ বাঁচাতে এবং চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টায় ছিল।’