ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারের জন্য সাকার মহানুভবতা
তুরস্ক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারকে নতুন আশ্রয় দিলেন বুকায়ো সাকা। সোমবার উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে ইংল্যান্ড ৭-০ গোলে জেতার পর এ বিষয়ে ঘোষণা দেন তিনি।
একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে সাকা ২৬টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভিতে তুরস্কের এই ঘটনা আমি জানতে পারি। তারপরই ঠিক করেছিলাম, ওদের জন্য কিছু করব।’
এরপর তিনি বলেন, ‘এক বেসরকারি সংস্থার সাহায্য পেয়েছি। তাদের সঙ্গেই ২৬টি পরিবারকে যতটা সম্ভব আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি।’
.png)
বড় জয়ের ম্যাচে দেশের হয়ে এ দিনই প্রথম হ্যাটট্রিক করেছেন সাকা। এছাড়া দু’টি গোল করেন অধিনায়ক হ্যারি কেন। একটি করে গোল করেছেন মার্কাস রাশফোর্ড ও কেলভিন ফিলিপ্স।
দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত সাকা। তিনি বলেন, ‘‘দেশের হয়ে গোল করতে কার না ভাল লাগে। কিন্তু দেশের জার্সিতে হ্যাটট্রিক করার বিষয়ে কখনও চিন্তা করিনি। চেষ্টা করেছি ভাল ফুটবল উপহার দিতে। সেটা পেরেছি।’
ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটও মুগ্ধ সাকার পারফরম্যান্সে। তিনি বলেন, ‘সাকার হ্যাটট্রিকের পরে ওর মুখে যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি, সেটাই বলে দেয় এই প্রাপ্তি ওর কাছে কত বড়।’
তিনি যোগ করেন, ‘শুধুমাত্র ম্যাচে নয়, প্রস্তুতিতেও একই ভাবে গোল করছিল ও। সাকাকে এখন আর অনভিজ্ঞ ফুটবলার বলা যায় না। এখন ও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে দলের। সাকা আমাকে সত্যিই অত্যন্ত গর্বিত করেছে।’