ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খান, প্রীতি জিনতা ও শিল্পা শেঠিদের মতো বলিউড তারকারা দল কিনেছেন। এমনকি মাঠে উপস্থিত থেকে নিজের দলের খেলাও উপভোগ করেছেন তারা। এবার তাদের দেখানো পথেই পা বাড়ালেন বি-টাউনের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চালু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই তালিকায় নতুন সংযোজন হল জিম্বাবুয়ে। সেখানে নয় দিনের এই লিগে খেলবে পাঁচটি দল। নতুন এই প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে ‘জিম অ্যাফ্রো টি-১০’।
.png)
আগামী ২০ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিটি ম্যাচই হবে হারারেতে। সঞ্জয় কিনেছেন হারারে হারিকেন্স দল। দলের অন্যতম মালিক তিনি। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যৌথভাবে এই দলটি কিনেছেন অভিনেতা।
জিম্বাবুয়েতে এই প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে চলেছে। হারারে ছাড়া বাকি দলগুলো হলো- ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়ন্স। অর্থাৎ পাঁচটি দলের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিনটি শহরের দল রয়েছে। আগামী ২ জুলাই ক্রিকেটারদের ড্রাফট রয়েছে।
প্রথমবার ক্রিকেটের কোনো দল কিনে সঞ্জয় বলেন, ‘ভারতে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। আমাদের দেশের অন্যতম বড় খেলা এটা। বিশ্বের বিভিন্ন কোণে এই খেলা যাতে ছড়িয়ে পড়ে সেটা দেখা আমাদের দায়িত্ব। ক্রিকেটে জিম্বাবুয়ের অনেক ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। সমর্থকদের নতুন আনন্দ উপহার দিতে চাই। আশা করি জিম অ্যাফ্রো টি-১০ প্রতিযোগিতায় হারারে হারিকেন্স ভালো খেলবে।’