ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩

লেবাননের কাছে হেরে যা বললেন ক্যাবরেরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৫, ২২ জুন ২০২৩
লেবাননের কাছে হেরে যা বললেন ক্যাবরেরা
হ্যাভিয়ের ক্যাবরেরা

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অবশ্য কাগজে কলমে প্রতিপক্ষ লেবানন অনেকটাই এগিয়ে ছিল। তবে ম্যাচের অধিকাংশ সময়ই লড়াই করেছেন জামাল-সোহেলরা। তবে শেষ মুহূর্তের খেলায় ছন্দ হারিয়ে দুই গোল হজম করে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

বৃহস্পতিবার ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে হার দিয়ে সাফ মিশন শুরু করলো লাল-সবুজের জার্সিধারীরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, ‘ম্যাচের ফলাফলটা আমাদের অনুকূলে নয়। তবে একইসঙ্গে আমাদের ইতিবাচক দিকও রয়েছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলা সম্ভব।’

Advertisement

সাফের ‘বি’ গ্রুপে পরের দুই ম্যাচে মালদ্বীপ ও ভূটানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে এই দুই ম্যাচ থেকে ন্যূনতম চার পয়েন্ট দরকার বাংলাদেশের। শক্তিশালী লেবাননের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ কোচের মধ্যে খানিকটা আশা সঞ্চার হয়েছে। 

আজকের ম্যাচে বাংলাদেশের জেতার সুযোগ ছিল। সেটা মৃদুস্বরে প্রেস কনফারেন্সেও স্মরণ করিয়েছেন হ্যাভিয়ের, ‘আমরাও গোলের সুযোগ পেয়েছিলাম। ম্যাচটি ১-০ গোলে বাংলাদেশ এগিয়ে যেতে পারত। ফয়সাল আহমেদ ফাহিম ওয়ান-ওয়ানে মিস করায় সেটি আর হয়নি।’

বাংলাদেশের ২৩ জনের স্কোয়াডে পরীক্ষিত ফরোয়ার্ড সুমন রেজা। সেই সুমনকে দ্বিতীয়ার্ধের কিছু সময় পর তুলে নেয়া হয়। সুমনের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলে উল্টো প্রশ্নকর্তাকে প্রশ্ন করেছেন বাংলাদেশ কোচ, ‘আপনাদের দৃষ্টিতে গোলই স্ট্রাইকারের কাজ। এছাড়াও স্ট্রাইকারের শত কাজ রয়েছে। সেসব কাজ সুমন ঠিকই করেছে। আপনাদের কাছে সুমনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও আমার কাছে নেই।’

লেবানন বাংলাদেশের বিপক্ষে অনেক কষ্টসাধ্য জয় পেয়েছে। প্রতিপক্ষ লেবানন সম্পর্কে বাংলাদেশের কোচ বলেন, ‘তারা আমাদের চেয়ে এগিয়ে। জয় পাওয়াটা তাদের জন্য স্বাভাবিকই ছিল। তবে আমরাও ম্যাচে ভালো খেলেছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!