ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশেষ অলিম্পিকে স্বর্ণ জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ২৪ জুন ২০২৩
বিশেষ অলিম্পিকে স্বর্ণ জিতল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বার্লিনে চলছে বিশেষ অলিম্পিক গেমস। যেখানে ফুটবল ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশ। বৃষ্টিস্নাত দিনে লেভের ত্রি-এর সেভেন এ সাইড ফুটবলে ইসরায়েলকে ২-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে বাংলার মেয়েরা। 

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের মাইফেল্ডে ম্যাচের শুরু থেকেই বাংলার মেয়েদের চাপে রাখে শক্ত প্রতিপক্ষ ইসরায়েল। দৈহিক গঠন ও গোলে শট নেয়ার ভাল সামর্থ্য থাকায় কিছুটা এগিয়ে ছিল ইসরায়েল। তবে তাদের সমস্ত আক্রমণ ঠেকিয়ে দেয় বাংলাদেশের রক্ষণভাগ।

খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে ইসরায়েলের ব্যূহ ভেদ করতে সক্ষম হয় বাংলাদেশ। পেয়ে যায় প্রথম গোল। এক সময় খেলার নিয়ন্ত্রণও নিয়ে নেয় বাংলাদেশ। মনোবলে চিড় ধরে ইসরায়েলের নারী ফুটবল দলের। এসময় নিখুঁত পাসে বাংলার মেয়েরা আদায় করে নেয় দ্বিতীয় গোল।

Advertisement

শেষ পর্যন্ত দারুণ খেলে ছিনিয়ে নেয় পরম আরাধ্য স্বর্ণ। ফুটবলে বাংলার মেয়েদের জয়ের দিনে অ্যাথলেটিক্সের দীর্ঘ জাম্পে স্বর্ণ পদক জেতেন লেভেল বি’র ফাইনাল প্লাস ও ওয়ান বিশেষ অ্যাথলেট রবিউল হক। এমন অর্জনে খুশি তার কোচ ও সংশ্লিষ্টরা।

আর হ্যান্ডবলের মেয়েদের সেমিফাইনালে সৌদি আরবকে ২৩-৩ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ছেলেদের ভলিবল দলের সাফল্য অব্যাহত রয়েছে। দলটি সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!