সমতায় ফেরার স্বস্তি নিয়ে প্রথমার্ধের বিরতিতে বাংলাদেশ
ভারতে চলছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই দলের খেলা ১-১ ড্রয়ে শেষ হয়েছে।
প্রথমার্ধে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৩বার আক্রমণ চালায় বাংলাদেশ, যেখানে লক্ষ্যে ছিল চারটি শট। বিপরীতে মালদ্বীপ মাত্র তিনটি শট নিতে পারে, যেখানে একটি ছিল লক্ষ্যে।
নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে দুর্বল ভুটানকে সহজেই হারায় মালদ্বীপ। ফলে আজকের ম্যাচটা জামা ভূঁইয়াদের জন্য বাঁচা-মরার ম্যাচ। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লাল সবুজরা।
.png)
এমন ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথম দশ মিনিটে তিনবার কর্নার আদায় করে নেয় তারা। যদিও সাফল্য পায়নি। মালদ্বীপও রক্ষণ সামলে পাল্টা আক্রমণ চালাতে থাকে।
খেলার ধারার বিপরীতে ১৭ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। দারুণ পাসিং ফুটবলের মাধ্যমে আক্রমণে ওঠার পর ডি বক্সের বাইরে থেকে চমৎকার এক বাঁকানো শটে আনিসুর রহমান জিকোকে ফাঁকি দেন দলটির খেলোয়াড় হামজা মোহামেদ।
গোল হজম করার পর কিছুক্ষণ ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে অল্প সময়ের মাঝে গুছিয়ে ওঠেন লাল-সবুজের প্রতিনিধিরা। আক্রমণাত্মক ফুটবলে মালদ্বীপকে কোণঠাসা করে রাখেন তপু বর্মণ-ফাহিম-বিশ্বনাথরা।
সেই ধারায় সাফল্য মেলে ৪২ মিনিটে। শর্ট থ্রো থেকে আক্রমণ শুরু হওয়ার পর গোলপোস্টের কাছে বল পেয়ে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা রাকিব হোসেন। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক হেডের মাধ্যমে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।
প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো দল গোল না পেলে সমতা নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে পাওয়া গোল যে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের মনোবল বাড়িয়ে দিয়েছে তা নিশ্চিত করে বলাই যায়।