পর্তুগালে ফিরে গেলেন ডি মারিয়া
ক্যারিয়ারের বর্ণিল সময়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, প্যারিস সেইন্ট জার্মেইন ও জুভেন্টাসে কাটিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। অবশ্য সবশেষ ইতালির জায়ান্ট জুভেন্টাসের জার্সিতেই ফুটবলের মাঠ মাতিয়েছেন তিনি। কিন্তু তুরিনের বুড়িদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে আবারো পর্তুগালের ক্লাব বেনফিকায় ফিরে গেলেন এই আর্জেন্টাইন।
ডি মারিয়ার ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের জার্সিতে। তবে ইউরোপীয় ফুটবলে পাদপ্রদীপের আলোয় আসা শুরু করেন বেনফিকার হয়ে দুর্দান্ত খেলে। আর সেজন্যই ক্লাবটির প্রতি তার আবেগও খানিকটা বেশিই।
ইউরোপীয় জায়ান্টদের জার্সিতে দায়িত্ব শেষে ১৩ বছর পর আবারো প্রিয় ক্লাবে ফিরলেন ডি মারিয়া। যেন ইউরোপীয় ফুটবলের চক্রপূরণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই উইঙ্গার।
.png)
বুধবার সামাজিক মাধ্যমে এক ভিডিও দিয়ে ডি মারিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা। ডিভিওটিতে শিষ্যকে অভিনন্দন জানিয়েছেন এভাবে, ‘বাড়িতে স্বাগত, ডি মারিয়া।’
নতুন চুক্তি কত বছরের জন্য হয়েছে তা অবশ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এক বছরের চুক্তি হয়েছে।
গত মৌসুমে একই মেয়াদে ইতালির ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি করেছিলেন ডি মারিয়া। কিন্তু সিরি আতে একদম বাজে সময় কেটেছে তার। শিরোপা তো জেতা হয়ইনি, উল্টো দলের দলবদলের আর্থিক অনিয়মে ‘তুরিনের বুড়িদের’ ১০ পয়েন্ট কাটার সাক্ষী হতে হয়েছে। তাই বিদায় নেয়ার সময় তিক্ততার কথা জানিয়েছিলেন তিনি।
জুভেন্টাস ছাড়ার সময় অবশ্য গুঞ্জন উঠেছিল লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন ডি মারিয়া। তা অবশ্য এখন গুঞ্জনই থেকে গেল।