ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের বিদায়ে লিটনের আবেগী পোস্ট, ছুয়ে গেল সবাইকে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ৬ জুলাই ২০২৩
তামিমের বিদায়ে লিটনের আবেগী পোস্ট, ছুয়ে গেল সবাইকে
ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছে ক্রিকেটপ্রেমী থেকে জাতীয় দলের সাবেক সতীর্থরাও। তার অবসর ঘোষণার পর সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সে তালিকায় যুক্ত হলেন টাইগার ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যার প্রথম ম্যাচেই আফগানদের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে স্বাগতিকরা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই অবসরের সিদ্ধান্ত নিলেন তামিম।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিমের বিদায়ে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন লিটন দাস। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। বিশ্বাসই করতে পারছি না যে, আপনি বাংলাদেশের জার্সিতে আর কখনোই খেলবেন না।’

Advertisement

এরপর তামিমকে মিস করার কথা জানিয়ে লিটন লিখেছেন, ‘আমরা আপনাকে (তামিম) খুব মিস করব ভাই। আপনার আগামী দিনের জন্য শুভ কামনা।’

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিম বলেন, বুধবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এ সময় পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন এ বাঁহাতি ওপেনার। 

তিনি বলেন, নরমালি এমন সময়ে যে কোনো ক্রিকেটারই স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি। খুব দ্রুতই শেষ করব আমি।

নিজের বাবার স্বপ্নপূরণের জন্যই ক্রিকেট খেলেছেন জানিয়ে তামিম বলেন, আমি শুধু একটি কথাই বলতে চাই— আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এর পরই কান্নায় ভেঙে পড়েন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের।

তিনি বলেন, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তা, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!