নতুন রেকর্ডের চূড়ায় মুশফিক
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে স্বাগতিকরা। তবে ম্যাচটি হারলেই সিরিজ হাতছাড়া হবে লিটন দাসের দলের।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নেমেই ভিন্ন এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২৫০তম ওয়ানডে খেলছেন মুশফিক। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। সে ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।
.png)
পরিসংখ্যান বলছে, মুশফিক তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম, ১০০তম, ১৫০তম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। হেরেছিল কেবল ২০০তম ম্যাচ। আজ ২৫০ তম জয় পাবে তো বাংলাদেশ?
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরেই রয়েছেন তামিম ইকবাল। তার ম্যাচ সংখ্যা ২৪১, সাকিব খেলছেন ২৩৪*। তারপরই রয়েছেন মাহমুদউল্লাহ ও মাশরাফী বিন মোর্ত্তজা। দুই জনের ম্যাচ সংখ্যা ২১৮।