ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে অভ্যর্থনা জানাতে মিয়ামির চমক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৬, ১৪ জুলাই ২০২৩
মেসিকে অভ্যর্থনা জানাতে মিয়ামির চমক
ছবি- সংগৃহীত

ইন্টার মিয়ামির জার্সি গায়ে জড়াতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাজির লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি রাখছে না তারা। মেসির অভিষেক অনুষ্ঠানে চমক দেখানোর কথা জানিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি।

আগামী ১৬ জুলাই মেসিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে মিয়ামি। পরিচয় পর্বের পর থাকবে বিনোদনের ব্যবস্থাও। সেই অনুষ্ঠানে খেলোয়াড়সহ দর্শকদের মাতাতে পপ শিল্পী শাকিরা গাইবেন গান। 

কলম্বিয়ার শিল্পী শাকিরার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক রয়েছে মেসির। বার্সেলোনায় খেলার সময় তারা একে অপরের সঙ্গে আড্ডা দিয়েছেন অনেক। অবশ্য সেটি সাবেক বার্সা সতীর্থ জেরাড পিকের সাবেক বান্ধবী হওয়ার সুবাদে।

Advertisement

শুধু শাকিরাই নন, মেসির পরিচয় পর্ব মাতাবেন পুয়ের্তো রিকানের র‍্যাপার ব্যাড বানি। দুজনের সঙ্গে থাকতে পারেন আরেক কলম্বিয়ান শিল্পী মালুমাও।

পরিচয় পর্বে যোগ দিতে ইতিমধ্যে পরিবারসহ মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি। আগামী রোববার নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এই বিশেষ আয়োজন করেছে ইন্টার মিয়ামি। অবশ্য শুধু সাতবারের ব্যালন ডি অরজয়ীকে নন এ মৌসুমে চুক্তি করা অন্যদেরও পরিচয় করিয়ে দেবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। সার্জিও বুসকেতসসহ কোচ টাটা মার্তিনেজকেও।

মেসির পরিচয় পর্বের সময় জানালেও চুক্তির বিষয়ে কোনো কিছু জানায়নি মিয়ামি। তবে শোনা যাচ্ছে আজই চুক্তি হতে পারে দুই পক্ষের। অথবা আগামীকাল। সাধারণ নিয়ম হচ্ছে, চুক্তি সম্পন্ন হওয়ার পরই খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেয় কোনো ক্লাব। সেই হিসেবে রোববারের আগে দুটি দিনই বাকি রয়েছে।

চুক্তির সঠিক সময় জানা না গেলেও ২১ তারিখ মিয়ামিতে অভিষেক হতে যাচ্ছে মেসির। লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটি হবে ডিভিআর পিএনকে স্টেডিয়ামে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!