বাংলাদেশের কাছে হারের পর জরিমানার কবলে আফগানিস্তান
বাংলাদেশের কাছে সিরিজ হারের ২৪ ঘন্টা না পেরোতেই আরেকটি দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। দলটির প্রধান কোচ ও এক ক্রিকেটারকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (১৭ জুলাই) এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট ও ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাইকে জরিমানা করেছে আইসিসি। দুজনই আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ানের অপরাধ করেছেন।
সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের বিরতির সময় আম্পায়ারদের সিদ্ধান্তে অখুশি হয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ট্রট। এ কারণেই জরিমানা গুনতে হচ্ছে তাকে। অন্যদিকে, ওমরজাইকে জরিমানা করা হয়েছে হৃদয়কে ইঙ্গিত করে অশোভন আচরণ করায়।
.png)
ওমরজাই ও ট্রটের নামের পাশে যুক্ত হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেলেন তারা। দুজনই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেয়া শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, লিটন-আফিফের ব্যাটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে রোববার (১৬ জুলাই) ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। আফগানিস্তানের দেওয়া ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
সিরিজের দুই ম্যাচ জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশও করে সাকিব-লিটনরা। তৃতীয় বার এসে আফগানিস্তানকে প্রথমবার দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টি-২০ সিরিজে হারাল বাংলাদেশ।