অ্যাশেজে নতুন পথে হাঁটলো ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজ মানেই বাড়তি উত্তেজনা। এই সিরিজকে ঘিরে চলে নানা আলোচনা। পাশাপাশি বাইশ গজেও ক্রিকেটারদের মধ্যে চলে দারুণ লড়াই। তারই ধারাবাহিকতায় বাজবলের পর এবার অ্যাশেজ নিয়ে নতুন পথে হাঁটলো ইংল্যান্ড।
মঙ্গলবার থেকে শুরু হবে অ্যাশেজের চতুর্থ টেস্ট। তবে তার দু’দিন আগেই ইংল্যান্ড একাদশ ঘোষণা করেছেন বেন স্টোকস। যেখানে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। তিনি দলে প্রবেশ করায় ছিটকে গিয়েছেন আরেক পেসার ওলি রবিনসন।
এছাড়াও পেস অ্যাটাকে অ্যান্ডারসনের সঙ্গে যথারীতি থাকবেন চলতি অ্যাশেজের সর্বোচ্চ উইকেট শিকারী স্টুয়ার্ট ব্রড। দলের বাকি পেসার হিসেবে আছেন মার্ক উড এবং ক্রিস ওকস।
.png)
দলের ব্যাটিং অর্ডারের পরিবর্তনের কথাও নিশ্চিত করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। চতুর্থ টেস্টে তিন নাম্বার পজিশনে ব্যাট করবেন অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী। হেডিংলির তৃতীয় টেস্টে এই পজিশনে ব্যাট করে খুব বেশি সফলতা পাননি তিনি।
অবশ্য তার বদলে পাঁচ নাম্বারে খেলতে নেমে হ্যারি ব্রুক খেলেছেন ম্যাচ জেতানো এক ইনিংস। হ্যারি ব্রুককে জায়গা করে দিতে ৬ নাম্বারে খেলবেন অধিনায়ক স্টোকস। আর সাতে নামবেন উইকেটরক্ষক জনি বেয়ারস্টো।
মঈন আলীর নতুন ব্যাটিং অর্ডার নিয়ে স্টোকস বলেন, ‘মো (মঈন) নিজ থেকেই ওই চ্যালেঞ্জ নিতে চায়। বিষয়টি আমার পছন্দ হয়েছে। আউট হোক কিংবা দলের উপকারে আসুক মো ইতিবাচকভাবে দলকে সহায়তা করার চেষ্টা করবেন। ‘আমি এই সুযোগ চাই।’ মো-র এই কথা প্রমাণ করে আমরা দল হিসেবে কতটা ঐক্যবদ্ধ।’
ইংল্যান্ডের চতুর্থ টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।