ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন জেমিসন
পিঠের ইনজুরিতে দীর্ঘ এক বছর মাঠের বাইরে ছিলেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। মাঝে বাইশ গজে ফিরতে চাইলেও চোট বেড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে। অবশেষে কঠোর পরিশ্রম করে আবারো কিউইদের ডেরায় ফিরেছেন এ ডানহাতি পেসার।
আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে টি–২০ সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছেন জেমিসন। তার ফেরার খবরে উচ্ছ্বসিত কিউই কোচ গ্যারি স্টেডও।
তিনি বলেন, ‘কাইল কঠোর পরিশ্রম করেছে এবং এ সফরের জন্য নিজেকে দারুণভাবে প্রস্তুত করেছে সে। একটা কঠিন বছর পেরিয়ে সে ফেরাতে আমরা আনন্দিত। তার বিশ্বমানের দক্ষতা সম্পর্কে আমরা সকলে জানি। জানি দলে ফিরতে পেরে সেও রোমাঞ্চিত।’
অবশ্য চোট কাটিয়ে জেমিসন ফিরলেও অপেক্ষা বেড়েছে কেন উইলিয়ামসন ও মিচেল ব্রেসওয়েলের। সবশেষ আইপিএলে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। আর অ্যাকিলিসে চোটে দলের বাইরে আছেন ব্রেসওয়েল। আগামী ১৭ থেকে ২০ আগস্ট আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি–২০ খেলবে নিউজিল্যান্ড। সব ম্যাচই দুবাইয়ে হবে।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি–২০ সিরিজ হবে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচটি হবে ডারহামে। বাকি তিন ম্যাচ হবে ১,৩ ও ৫ তারিখ ম্যানচেস্টার, বার্মিংহাম ও নটিংহামে।
সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ডের স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, আদিত্য অশোক, চ্যাড বোউস, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ডিন ফক্সফোর্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যাটনার, টিম সেইফার্ট, হেনরি শিপলি, ইশ সোধি ও উইল ইয়ং।