ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শাস্তির মুখে আফগান কোচ ও ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ১৮ জুলাই ২০২৩
শাস্তির মুখে আফগান কোচ ও ক্রিকেটার
ছবি- সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ খুইয়েছে আফগানিস্তান। একই সঙ্গে এ ফরম্যাটে প্রথমবারের মতো টাইগারদের কাছে সিরিজ হেরেছে সফরকারীরা। সিরিজ হারের পাশাপাশি দুঃসংবাদও পেলেন আফগান কোচ জোনাথান ট্রট ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। তবে বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম লঙ্ঘন করে জরিমানা গুনলেন ওমরজাই এবং জোনাথন ট্রট।

আইসিসির নিয়ম ভেঙে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। মূলত আচরণবিধি ভঙ্গ করায় তাদের শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

Advertisement

এদিন বাংলাদেশের ইনিংসের ১৫তম ওভারে ওমরজাইয়ের বলে ছক্কা হাঁকান তাওহীদ হৃদয়। কিন্তু পরের বলে হৃদয়কে আউট করে তার দিকে তেড়ে গিয়ে গালি দেন ওমরজাই। এতে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করায় তাকে জরিমানা করা হয়েছে। 
 
অন্যদিকে আফগান কোচ ট্রট শাস্তি পেয়েছেন আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে। বৃষ্টির পর আম্পায়াররা ম্যাচ শুরুর সিদ্ধান্ত নিলে তাদের সঙ্গে তর্ক করেন তিনি। আম্পায়ারদের অনুরোধ করছিলেন খেলা আরো দেরিতে শুরু করতে। ট্রটের এ আচরণে আইসিসির আচরণবিধি ২.৮ লঙ্ঘন হওয়ায় জরিমানা করেছে আইসিসি।

একই সঙ্গে ওমরজাই ও ট্রট দুইজনের নামের পাশে যুক্ত হচ্ছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!