কানাডার লিগে আলো ছড়ালেন সাকিব
কানাডার গ্লোবাল টি-২০ লিগে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে মাঠ মাতাচ্ছেন সাকিব আল হাসান। শুক্রবার অলরাউন্ডিং পারফরম্যান্সে দলকে জয় উপহার দিয়েছেন তিনি।
শুক্রবার সারে জাগুয়ার্সের বিপক্ষে মন্ট্রিয়েল টাইগার্সের ম্যাচে আলাদা করে নজর ছিল দেশের ক্রিকেট ভক্তদের। কেননা এ ম্যাচে দুই বাংলাদেশি সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। আর দুজনের মধ্যে সাকিবই যেন সব আলো কেড়ে নিলেন। জাগুয়ার্সদের বিপক্ষে তার দল জিতেছে ৫ উইকেটে।
বল হাতে এদিন দুর্দান্ত ছন্দে ছিলেন সাকিব। ম্যাচে ৪ ওভার বল করে ৩ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। এমনকি জাতীয় দলের সতীর্থ লিটনকেও সাজঘরে ফিরিয়েছেন সাকিবই। ১১ বলে ৯ রান করে আউট হয়েছিলেন লিটন। তবে দলীয় অধিনায়ক ইফতেখার আহমেদ এবং ওয়ানডাউনে নামা জতিন্দর সিংয়ের ব্যাটে ভর করে ১৩৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় সারে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ইফতেখার।
ব্যাট করতে নেমেও সাকিবের ঝড় দেখেছেন ভক্তরা। ওয়ানডাউনে নেমে সাকিব খেলেছেন ১৩ বলে ২৬ রানের কার্যকরী এক ইনিংস। দলীয় ৫৪ রানে সাজঘরে ফিরলেও এর আগে দলকে দিয়েছেন শক্ত ভিত। শেষ পর্যন্ত দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিংয়ের ২৮ রানের ইনিংসে ভর করে ৯ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মন্ট্রিয়েল টাইগার্স।